ভালভার্দের হ্যাটট্রিকে ম্যানসিটিকে উড়িয়ে দিল রিয়াল
ফুটবল ভক্তরা অপেক্ষায় ছিল ধ্রুপদী লড়াইয়ের। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির দ্বৈরথ বলে কথা। দর্শকের সেই আশা পূর্ণ হয়নি। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি রিয়াল। ফেদে ভালভার্দের হ্যাটট্রিকে তুলে নিয়েছে ৩-০ গোলের সহজ জয়।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বুধবার (১১ মার্চ) দিনগত রাতে মুখোমুখি হয় রিয়াল-ম্যানসিটি। ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা।
বার্নাব্যুতে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে রিয়াল। অথচ, রিয়াল শিবিরে ছিল অস্বস্তি। কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহামসহ একঝাঁক তারকা চোটের কারণে মাঠের বাইরে। দায়িত্ব নেন ভালভার্দে। সব শঙ্কা উড়িয়ে দেন উরুগুয়ের তারকা মিডফিল্ডার। প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
ম্যাচের ২০, ২৭ ও ৪২ মিনিটে সিটির জাল ভেদ করেন ভালভার্দে। তিন গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়া রিয়াল পরের অর্ধে আর গোল পায়নি। সিটিও পারেনি শোধ দিতে।
আগামী ১৮ মার্চ ফিরতি লেগে রিয়ালকে আতিথ্য দেবে ম্যানসিটি। ঘরের মাঠ হলেও তিন গোলে পিছিয়ে থেকে পরের পর্বে যাওয়া কঠিন হবে সিটিজেনদের জন্য।

স্পোর্টস ডেস্ক