সালমানকে করা মিরাজের আউট নিয়ে বিভক্ত ক্রিকেট প্রেমীরা
শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। তবে দ্রুতই নিজেদের গুছিয়ে নেয় বাংলাদেশ। দ্রুতই তিন উইকেট তুলে নিয়ে কিছুটা চাপে ফেলে দেয় পাকিস্তানকে। এরপর দায়িত্ব নেন মোহাম্মদ রিজওয়ান আর সালমা আলি আঘা।
চতুর্থ উইকেটে এই দুজনের শতরানের জুটিতে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছিল পাকিস্তান। এক সময় মনে হচ্ছিল সেই জুটি টিকে থাকলে রান ৩০০ ছাড়িয়ে যাবে। ফলে মাথা ব্যথার কারণ হয়ে ওঠে এই জুটি। অবশেষে ৩৯তম ওভারে সেই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। সেটা অবশ্য রানআউটে।
ইনিংসের ৩৯তম ওভারে নিজের বোলিং কোটার শেষ ওভার করতে আসেন মিরাজ। ওভারের চতুর্থ বলটি করলে রক্ষণাত্মক ভঙিমায় খেলেন মোহাম্মদ রিজওয়ান। বলটি আসছিল সোজা মিরাজের দিকেই। তবে রান নিতে এগিয়ে যাওয়া সালমান আগা চেয়েছিলেন বলটি মিরাজকে এগিয়ে দিতে। কিন্তু সালমানকে সেই সুযোগ দেননি মিরাজ। দ্রুত বলটি কুড়িয়ে স্টাম্প ভাঙেন তিনি।
মিরাজের এই রান আউট করা যেন বিশ্বাসই হচ্ছিল না সালমান আঘার। মিরাজ আবেদন করলে রিপ্লে দেখে আউট দেন থার্ড আম্পায়ার। এতে মেজাজ হারিয়ে মাঠ ছাড়েন সালমান।
সালমানের এই আউট নিয়ে বিতর্ক ছড়িয়েছে মাঠ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। দুই দল ভাগ হয়ে গেছে দুই দিকে। কেউ প্রশ্ন তুলছেন মিরাজের স্পিরিট অব স্পোর্টসম্যানশিপ নিয়ে। আবার কেউ দুষছেন সালমানের ক্রিকেটীয় জ্ঞান নিয়ে।

স্পোর্টস ডেস্ক