সিলেট টেস্ট
দারুণ ক্যাচের পর উইকেটও নিলেন মিরাজ
একটু আগেই নাহিদ রানার বলে স্লিপে দারুণ ক্যাচ নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এবার নিজেও নাম লেখালেন উইকেট শিকারীর তালিকায়। ফেরালেন দারুণ ফর্মে থাকা পাকিস্তানি ওপেনার আজান আওয়াইশকে।
আজ মঙ্গলবার (১৯ মে) সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ইনিংসে এই রিপোর্ট লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৪৬ রান তুলেছে পাকিস্তান। এখনো তারা পিছিয়ে আছে ৩৯১ রানে।
ঢাকা টেস্টে অভিষেক হওয়া পাকিস্তানি ওপেনার আজান বাংলাদেশের মাথা ব্যথার কারণ। তাকে ছেঁটে ফেলে সেই মাথাব্যথা দূর করলেন মেহেদী হাসান। ১৬তম ওভারে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আজানকে ফেরান মিরাজ। রিভিও নিয়েও কাজ হয়নি আজানের। ফিরেছেন ৪৯ বলে ২১ রান করে।
নাহিদের আগ্রাসনে সকাল শুরু বাংলাদেশের
চতুর্থ দিনের শুরুটা মন্দ হলো না বাংলাদেশের। প্রথম উইকেটের দেখা পেতে খুব বেশি অপেক্ষা করতে হলো না স্বাগতিকদের। বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু এনে দিলেন নাহিদ রানা।
ম্যাচের ১১তম ওভারে নাহিদ রানার দ্বিতীয় বলে গালিতে দুর্দান্ত ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ। ফেরার আগে পাকিস্তান ওপেনার আব্দুল্লাহ ফজলের ব্যাট থেকে এসেছে ২৮ বলে ৬ রান।
পাকিস্তানকে করতে হবে বিশ্বরেকর্ড
এর আগে কোনো উইকেট না হারিয়ে শূন্য রানে চতুর্থ দিন শুরু করেছিল পাকিস্তান। আগের দিন শেষ বিকেলে দুই ওভার ব্যাট করে কোনো রান যোগ করতে পারেননি পাকিস্তানের দুই ওপেনার আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল।
দুই ইনিংস মিলিয়ে পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। এই রান তাড়া করে জিততে হলে পাকিস্তানকে বিশ্বরেকর্ড গড়তে হবে। প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে ৪১৮ রানের বেশি তাড়া করে জিততে পারেনি কোনো দল। পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ ৩৭৭ রান তাড়া করার কীর্তি আছে।

স্পোর্টস ডেস্ক