এবার পিএসএলে দল পেলেন শরিফুলও
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশি ক্রিকেটারদের জয়জয়কার শুরু হয়েছে। মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনদের পর এবার পঞ্চম বাংলাদেশি হিসেবে এই ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ডাক পেয়েছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। পিএসএলের আসন্ন একাদশ আসরে নাহিদ রানার সতীর্থ হিসেবে পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাবেন শরিফুল।
নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে শরিফুলের ছবি দিয়ে তাঁকে স্বাগত জানিয়েছে পেশোয়ার জালমি। তারা লিখেছে, ‘এই বাঁ-হাতি পেসারকে পেয়ে আমাদের শক্তি আরও বাড়ল। গতি ও সুইং নিয়ে পিএসএল মাতাতে প্রস্তুত বাংলাদেশ এক্সপ্রেস। জালমি পরিবারে তোমাকে স্বাগতম।’
এবার মোট পাঁচজন বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যাবে পিএসএলের ভিন্ন ভিন্ন দলে। লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। পেশোয়ার জালমির জার্সিতে দেখা যাবে শরিফুল ইসলাম ও নাহিদ রানাকে। আর রাওয়ালপিন্ডিতে (পিন্ডিজ) খেলবেন রিশাদ হোসেন।
আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে পিএসএলের একাদশ আসর। উদ্বোধনী দিনেই মাঠে নামার সুযোগ রয়েছে মুস্তাফিজ ও ইমনের। বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স সেদিন মুখোমুখি হবে হায়দরাবাদ হিউস্টনের।
অন্যদিকে, ২৮ মার্চ মুখোমুখি লড়াইয়ে নামতে পারেন বাকি তিন বাংলাদেশি। সেদিন নাহিদ রানা ও শরিফুলের পেশোয়ারের বিপক্ষে লড়বে রিশাদের রাওয়ালপিন্ডি। অর্থাৎ, জাতীয় দলের সতীর্থদেরই একে অপরের বিপক্ষে লড়তে দেখা যাবে।

স্পোর্টস ডেস্ক