নির্বাচন নিয়ে এনএসসির তদন্ত কমিটি গঠন, বিসিবির উদ্বেগ
বিসিবির গত বছরের নির্বাচনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সরকারের এই পদক্ষেপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের মতে, এ ধরনের তদন্তকে আইসিসি ‘সরকারি হস্তক্ষেপ’ হিসেবে গণ্য করতে পারে, যার ফলে বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারে দেশের ক্রিকেট।
সোমবার (১৬ মার্চ) রাতে এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ক্রীড়া পরিষদের এই তদন্ত কমিটির ‘প্রেক্ষাপট, উদ্দেশ্য ও প্রভাব’ নিয়ে তারা জরুরি ভিত্তিতে আলোচনার প্রস্তাব দিয়েছে।
বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো হস্তক্ষেপ আইসিসি কখনও সহজভাবে নেয় না। ইতোপূর্বে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মতো দেশের বোর্ডে সরকারি হস্তক্ষেপের কারণে আইসিসি তাদের সদস্যপদ স্থগিত করার নজির রয়েছে।
বিসিবি আশঙ্কা করছে, এই তদন্তের ফলে নির্বাচিত বোর্ডের স্থিতিশীলতা ও স্বাধীনতা নষ্ট হতে পারে, যা আন্তর্জাতিক ক্রিকেটের বিধিমালার পরিপন্থী। বিসিবি জানিয়েছে, বিষয়টি তারা এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে আইসিসির নীতি-নির্ধারকদের নজরে এনেছে।
বোর্ডের দাবি, বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ সংবিধান মেনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে। একটি প্রতিষ্ঠিত কাঠামোর অধীনে বোর্ড পূর্ণাঙ্গভাবে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে ক্রিকেটের স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক নিয়ম মেনেই বোর্ডের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, নির্বাচিত বোর্ডের ওপর এ ধরনের তদন্ত আন্তর্জাতিক মহলে শাসনসংক্রান্ত উদ্বেগ তৈরি করতে পারে। তবে আইসিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার আগেই বিষয়টি নিয়ে সরাসরি ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বসে সমাধান করতে চায় বিসিবি।
বোর্ডের মতে, ক্রিকেটীয় কার্যক্রমের প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং আইসিসির কমপ্লায়েন্স কাঠামো মেনে চলতে এই পরিস্থিতি দ্রুত নিরসন হওয়া প্রয়োজন।
উল্লেখ্য, গত ১১ মার্চ অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করে এনএসসি।

স্পোর্টস ডেস্ক