বিশ্বকাপ খেলা নিয়ে নতুন দাবি ইরানের
আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে নাটকীয়তায় এবার নতুন মোড় নিয়েছে। এর আগে ইরানের ক্রীড়ামন্ত্রী বিশ্বকাপ বর্জনের ঘোষণা দিলেও এবার বিশ্বকাপ খেলতে দেশটির ফুটবল ফেডারেশন নতুন এক শর্ত জুড়ে দিয়েছে।
নিরাপত্তা শঙ্কার কারণে ইরান দাবি তুলেছে, তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে আয়োজন করতে হবে।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ এই দাবি নিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে যাওয়ার ব্যাপারে চরম অনীহা থেকেই এই বিকল্প প্রস্তাব দিয়েছে তেহরান।
মেক্সিকোতে অবস্থিত ইরানি দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যম (এক্স) অ্যাকাউন্টে মেহদি তাজ জানান, ‘যখন ট্রাম্প নিজেই বলেছেন তিনি আমাদের জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, তখন আমরা অবশ্যই আমেরিকায় যাব না। আমরা বর্তমানে ফিফার সঙ্গে আলোচনা করছি যাতে ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়া হয়।’
কয়েকদিন আগে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ ডোনিয়ামালি কড়া ভাষায় বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে ফুটবল খেলা সম্ভব নয়। তিনি অভিযোগ করেছিলেন যে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং তাদের নেতাকে হত্যা করেছে।
অন্যদিকে, এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) জেনারেল সেক্রেটারি উইন্ডসর জন ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে এখনও আশাবাদী। তিনি জানিয়েছেন, ইরান এখন পর্যন্ত তাদের সদস্য এবং এএফসি চায় তারা বিশ্বকাপে অংশ নিক। এখন পর্যন্ত ফেডারেশনের পক্ষ থেকে খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিতই পাওয়া গেছে।
১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো ও কানাডা হলেও ইরানের তিনটি ম্যাচই রাখা হয়েছিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে। সূচি অনুযায়ী নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিসরের বিপক্ষে খেলার কথা ছিল তাদের। এখন ইরান যদি মেক্সিকোতে খেলার দাবিতে অটল থাকে, তবে ফিফাকে পুরো সূচি নিয়ে নতুন করে ভাবতে হবে।

স্পোর্টস ডেস্ক