রেফারিং নিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া মিসর কোচের
বিশ্ব ফুটবলের বড় মঞ্চে আবারও উঠেছে রেফারিং বিতর্কের ঝড়। আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার শেষ ষোলোর ম্যাচের গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মিসরের হেড কোচ হোসাম হাসান।
ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় তিনি জানান, মাঠে ন্যূনতম সম্মান বা ফেয়ার প্লে তারা পাননি। তার অভিযোগ, দলের তারকা খেলোয়াড় মোহাম্মদ সালাহকে করা ফাউলের জন্য নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি। এমনকি ঘটনাটি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে পর্যালোচনাও করা হয়নি।
শুধু তাই নয়, মিসরের করা দ্বিতীয় গোলটিও রহস্যজনক কারণে বাতিল করা হয় বলে দাবি করেন তিনি। কোচের ভাষ্য অনুযায়ী, ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্ত ছিল বিস্ময়কর এবং তা খেলার গতিপথেই বড় প্রভাব ফেলেছে।
হোসাম হাসান বলেন, ‘ম্যাচ চলাকালে স্পষ্টভাবে দেখা গেছে একাধিক সিদ্ধান্তে অসামঞ্জস্যতা ছিল। অথচ গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে প্রযুক্তির সহায়তা নেওয়া হয়নি, যা আধুনিক ফুটবলে অস্বাভাবিক।’
‘বাস্তব জীবনে অন্যায় থাকতে পারে, কিন্তু ফুটবল মাঠে ন্যায্যতার অভাব মেনে নেওয়া কঠিন। এমন সিদ্ধান্ত খেলোয়াড়দের মানসিকতা এবং ম্যাচের ফলাফল দুটোকেই প্রভাবিত করে’- যোগ করেন মিসর কোচ।

স্পোর্টস ডেস্ক