ইংল্যান্ডকে জিততে দিল না উরুগুয়ে
মাঠে নামার সময় গ্যালারির একাংশ থেকে ধেয়ে আসছিল দুয়ো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই সমালোচনাকে করতালিতে রূপ দিলেন বেন হোয়াইট। তবে ভাগ্য সহায় ছিল না; ম্যাচের শেষ মুহূর্তে তার করা একটি ভুলই ইংল্যান্ডের নিশ্চিত জয় কেড়ে নিল। ফেদে ভালভের্দের পেনাল্টি থেকে করা গোলে হার এড়িয়ে মাঠ ছাড়ল উরুগুয়ে।
শুক্রবার (২৭ মার্চ) দিনগত রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ইংল্যান্ডের হয়ে গোল করেন বেন হোয়াইট। আর উরুগুয়ের হয়ে সমতা ফেরান অধিনায়ক ফেদে ভালভের্দে।
ম্যাচের শুরু থেকেই ম্যাড়মেড়ে ফুটবল খেলতে থাকে দুই দল। এই সময়ে ইংল্যান্ড বল দখলে এগিয়ে থাকলেও উরুগুয়ের রক্ষণভাগ ভাঙতে পারছিল না। হ্যারি ম্যাগুইয়ারের একটি হেড লক্ষ্যভ্রষ্ট হলে শুরুতেই সুযোগ হারায় থ্রি-লায়ন্সরা।
অন্যদিকে, উরুগুয়ের আগুস্তিন কানোবিও এবং ফেদে ভালভের্দে গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা করেন। তবে তারাও প্রথমার্ধে জালের দেখা পাননি। ফলে কোনো গোল ছাড়াই বিরতিতে যায় দুই দল।
২০২২ বিশ্বকাপের পর ব্যক্তিগত কারণে জাতীয় দল থেকে দূরে ছিলেন বেন হোয়াইট। দীর্ঘ বিরতির পর ৬৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। মাঠে নামার ঠিক ১২ মিনিটের মাথায় কর্নার থেকে আসা বল জালে জড়িয়ে ইংল্যান্ডকে লিড এনে দেন এই ডিফেন্ডার। জাতীয় দলের জার্সিতে এটিই ছিল তার প্রথম গোল। গ্যালারিতে তখন হোয়াইটকে নিয়ে বইছিল করতালির জোয়ার।
ম্যাচ যখন ইংল্যান্ডের পকেটে বলে মনে হচ্ছিল, ঠিক তখনই ঘটে বিপত্তি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডি-বক্সের ভেতর উরুগুয়ের ফেদেরিকো ভিনাসকে ফাউল করে বসেন বেন হোয়াইট। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করতে কোনো ভুল করেননি রিয়াল মাদ্রিদ তারকা ফেদে ভালভের্দে। পুরো ম্যাচে এটিই ছিল উরুগুয়ের লক্ষ্যে থাকা একমাত্র শট।
শেষ মুহুর্তের এই গোলে ইংল্যান্ডকে হতাশ করে ম্যাচ না হারার তৃপ্তি নিয়ে ফেরে উরুগুয়ে।

স্পোর্টস ডেস্ক