ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, যেভাবে দেখবেন খেলা
মালদ্বীপে বসেছে ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর। প্রথম ম্যাচেই দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের। এ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
আজ শনিবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় বিকেল পৌণে ৫টায় মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ‘বি’ গ্রুপের এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে খেলাধুলা ভিত্তিক ইউটিউব চ্যানেল স্পোর্টসওয়ার্কস।
‘বি’ গ্রুপে বাংলাদেশের দুই প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। ভারতের কাছেও হেরেছে পাকিস্তান। সমান ম্যাচে একটি করে জয়ে তিন পয়েন্ট নিয়ে টেবিলের এক ও দুই নম্বরে আছে বাংলাদেশ আর ভারত। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে আছে ভারত।
নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি সেমিফাইনাল খেলবে। ফলে বাংলাদেশের ইতোমধ্যে সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়ে গেছে। ভারতের সঙ্গে লড়াই এখন গ্রুপের শীর্ষস্থান দখল নিয়ে।
পরিসংখ্যানেও ভারতের চেয়ে এগিয়ে থেকেই মাঠে নামছে বাংলাদেশ। দুই দেশের অনূর্ধ্ব-২০ দল এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে নির্ধারিত সময়ের খেলায় দুই দলের জয়-পরাজয় সমান একটি করে। আর একটি ম্যাচ ড্র হয়েছিল। পরে টাইব্রেকারে সেটি জিতে নেয় বাংলাদেশ।
এর বাইরেও অন্য যেকোনো সময়ের চেয়ে এখন যথেষ্ট শক্তিশালী বাংলাদেশ দল। এবারের টুর্নামেন্টে স্কোয়াডে ডাকা হয়েছে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি ফুটবলারকে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে খেলা রোনান সুলিভান প্রথম ম্যাচেই নজর কেড়েছেন।
পাকিস্তানের বিপক্ষে ফ্রি-কিক ও হেডার থেকে দারুণ দুটি গোল করেছিলেন রোনান। সেই পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছিলেন তিনি। প্রথম ম্যাচ শেষে ভারতকে হারানোর বার্তাও দিয়ে রেখেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলার।

স্পোর্টস ডেস্ক