সন্ধ্যায় সিঙ্গাপুরের মুখোমুখি বাংলাদেশ
কাগজ-কলমের হিসাবে ম্যাচটি নিয়মরক্ষার। এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি তাই চক্রপূরণের। কিন্তু, এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচটি বাংলাদেশের কাছে অন্তত নিয়মরক্ষার নয়। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে ম্যাচে জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচটি ঘিরে দর্শকেরও আগ্রহের কমতি নেই। ভিনদেশে ফুটবলারদের সমর্থন দিতে মাঠে অনুশীলনে হাজির ভক্তরা। হামজা-শমিতরাও জানালেন, ঘরের মাঠের মতোই মনে হচ্ছে। দর্শকের জন্য তো বটেই, ফুটবলের জোয়ার জিইয়ে রাখতেও জয়ের বিকল্প নেই।
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া আশাবাদী জয়ের ব্যাপারে। দেশের ফুটবলের স্বার্থে তিন পয়েন্ট পাওয়াটা গুরুত্বপূর্ণ, এমনটিই মনে করেন অধিনায়ক। ম্যাচের আগে তার কণ্ঠে শোনা গেছে ইতিবাচক কথা।
জামাল বলেন, ‘আমরা যদি ৩ পয়েন্ট পাই, সেটি ইতিহাসই হবে। বাংলাদেশ দলের জন্য ৮ পয়েন্ট পাওয়া হবে অত্যন্ত ইতিবাচক। আমার মনে হয় পুরো বাছাইপর্বটা আমরা খুব খারাপ করিনি। আমাদের সামনে এই একটি কাজই বাকি। এটার জন্য সবাই ভালোভাবেই প্রস্তুত।’
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে সিঙ্গাপুর। তারা আছে ১৪৮ নম্বরে, বাংলাদেশের অবস্থান ১৮১। ৩৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের স্বস্তির জায়গা আছে। হারানোর যে কিছু নেই। বরং, এই এশিয়ান কাপ দিয়েই গতবছর শুরু হওয়া ফুটবলের নতুন যাত্রায় ইতোমধ্যে নিজেদের প্রমাণ করেছে বাংলাদেশ। এখন কেবল সেটি ধরে রেখে এগিয়ে যাওয়ার পালা, যেখানে আজ জয় পেলে তা হবে জ্বালানি।

স্পোর্টস ডেস্ক