জাম্বিয়ার জালে আর্জেন্টিনার গোল উৎসব
জাম্বিয়ার বিপক্ষে জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর্জেন্টিনার জয় প্রত্যাশিতই ছিল। আগ্রহের জায়গায় ছিল, আর্জেন্টিনা কত গোল দেয় সেটি। বুয়েন্স আয়ার্সে আজ বুধবার (১ এপ্রিল) প্রীতি ম্যাচে জাম্বিয়াকে ৫-০ গোলে হারিয়েছেন লিওনেল স্কালোনির শিষ্যরা।
ঘরের মাঠে শুরু থেকেই আগ্রাসী আর্জেন্টিনা। চতুর্থ মিনিটে এগিয়ে যায় তারা। হুলিয়ান আলভারেজের গোলে সূচনা হয় উৎসবের। প্রথমার্ধে দ্বিতীয় গোল পেতে এরপর অপেক্ষা করতে হয় ৪৩ মিনিট পর্যন্ত। স্কোরবোর্ডে নাম তোলেন মেসি। দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতির পর দ্রুতই তৃতীয় গোল তুলে নেয় আলবিসেলেস্তেরা। পেনাল্টি থেকে এবার লক্ষ্যভেদ করেন নিকোলাস ওতামেন্দি। ৬৮ মিনিটে নিজেদের জালে বল জড়ান জাম্বিয়ার ডমিনিক চান্দা। আত্মঘাতী গোলে আরও পিছিয়ে পড়ে দলটি।
ম্যাচের শেষ পেরেকটি ঠোকেন ভ্যালেন্টিন বার্কো। ৯৪ মিনিটে বার্কো গোল করলে স্কোরলাইন হয় ৫-০। আগের ম্যাচে মৌরিতানিয়ার সঙ্গে কষ্টার্জিত জয়ের (২-১) পর সমালোচিত আর্জেন্টিনা আজ ছিলেন পুরোনো ছন্দে।
প্রীতি ম্যাচ হওয়ায় এদিন খেলোয়াড়দের যাচাই করেন স্কালোনি। মৌরিতানিয়ার বিপক্ষে আগের ম্যাচের একাদশে পরিবর্তন আনেন ৮টি। মেসিও ছিলেন শুরুর একাদশে। সুযোগ দেওয়া হয়েছে গোলরক্ষক হুয়ান মুসোকেও। ম্যাচের শেষ ২৫ মিনিটে এমিলিয়ানো মার্টিনেজকে উঠিয়ে মুসোকে খেলান স্কালোনি।

স্পোর্টস ডেস্ক