বিসিবির অ্যাডহক কমিটির পরিচালকদের পরিচয়
নানা জল্পনা-কল্পনা আর আলোচনা-সমালোচনা শেষে ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ড। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে বলা হয়েছে, বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়ম পেয়েছেন তদন্ত কমিটি। যে কারণে এই সিদ্ধান্ত।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান মিরপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। একই সঙ্গে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটিও গঠন করার কথা জানিয়েছেন এনএসসির এই পরিচালক।
বিসিবির এই অ্যাডহক কমিটির ১১ সদস্যের মধ্যে সাবেক ক্রিকেটার আছেন তিনজন। তামিমের বাহিরে সুযোগ পেয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু আর আতাহার আলী খান।
বাকিদের মধ্যে চারজন আছেন বিএনপির রাজনৈতিক নেতৃবুন্দের উত্তরাধিকাররা। অ্যাডহক কমিটিতে তামিমের পর নাম ঘোষণা করা হয় রাশনা ইমামের। তিনি ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।
কমিটিতে জায়গা পেয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের সন্তান মির্জা ইয়াসির আব্বাস। রাজনৈতিক পরিচয়ের বাইরে তিনি ঢাকা ব্যাংক লিমিটেডের একজন উচ্চপদস্থ কর্মকর্তা।
কমিটিতে আছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সন্তান সৈয়দ ইব্রাহীম আহমেদ। টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে ফাইন্যান্সে এমএসসি এবং অ্যাস্টন ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে ডিবিএ সম্পন্ন করেছেন তিনি।
কমিটিতে আছেন আরও এক মন্ত্রী পুত্র। চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু। তিনি নিজেও রাজনৈতিক ব্যক্তিত্ব, একইসঙ্গে উদ্যোক্তা ও কলামিস্ট হিসেবে সমাদৃত। পরিচিতি আছে ক্রীড়া সংগঠক হিসেবেও।
কমিটিতে আছেন দুই বিজনেজ জায়ান্ট গ্রুপের সদস্যও। ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি ও ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরীর ছেলে তানজিল চৌধুরী। ব্যবসায়ীক পরিচয়ের বাইরে ক্রিকেটের সঙ্গেও সম্পর্ক আছে তার। দুই মেয়াদে কাজ করেছেন বিসিবি পরিচালক হিসেবে।
এছাড়াও কমিটিতে জায়গা পেয়েছেন সাবেক বিসিবি পরিচালক ও দেশের ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত রফিকুল ইসলাম বাবু ও নাজমুল হাসান পাপনের বোর্ডের পরিচালক ফাহিম সিনহা।

স্পোর্টস ডেস্ক