ভিয়েতনামের বিপক্ষেও হার দেখল বাংলাদেশ
বাংলাদেশের সামনে লক্ষ্যটা স্পষ্ট- ভিয়েতনামকে হারাতে পারলেই নিশ্চিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে খেলা। ম্যাচের শুরু থেকেই চলল আক্রমণ-পাল্টা আক্রমণ। প্রথমার্ধে কোনো দলই পেলো না জালের দেখা। তবে বিরতি থেকেই ফিরেই বাংলাদেশকে পেছনে ফেলে জয় তুলে নিল ভিয়েতনাম।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) থাইল্যান্ডের ননথাবুরি প্রোভিন্সিয়াল স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে ভিয়েতনামের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। এতে টানা তিন ম্যাচে হারল আফঈদা খন্দকার-সাগরিকারা।
ম্যাচর ১৩ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। মাঝমাঠ থেকে বাড়ানো বল হেডে ক্লিয়ার করতে পারেননি ভিয়েতনামের ফুটবলাররা। সেই বল পেয়ে যান মোসাম্মৎ সাগরিকা। বল নিয়ে বক্সের মধ্যে ঢুকেও পড়েছিলেন তিনি। কিন্তু সামনে থাকা গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি এই ফরোয়ার্ড।
ম্যাচের ২০তম মিনিটে বাংলাদেশের বক্সে ভীতি ছড়ায় ভিয়েতনাম। বামপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে বক্সের মধ্য থেকে গোলের জন্য শট ভিয়েতনাম। কিন্তু সেই বল পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার। ফিরত বল চলে যায় ভিয়েতনামের ফুটবলারের পায়ে। কিন্তু ফাঁকা জালেও বল জড়াতে পারেননি তিনি। উড়িয়ে মারেন গোলপোস্টের ওপর দিয়ে।
২৩তম মিনিটে আবারও গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু এবার জাল খুঁজে নিতে পারেননি সাগরিকা। মাঝমাঠ থেকে বাড়ানো থ্রু-বলের পেছনে ছুটছিলেন সাগরিকা। তবে পুরোপুরি বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি তিনি। ভিয়েতনামের গোলরক্ষক সেটি গ্লাভসবন্দি করেন।
ম্যাচের ২৭তম মিনিটে আরও একবার বেঁচে যায় বাংলাদেশ। বামপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে ভিয়েতনাম। ক্রস বাড়িয়েছিল বক্সের মধ্যে। ফাঁকায় থাকা ভিয়েতনামের ফরোয়ার্ডকে খুঁজে পেয়েছিল বল। কিন্তু নিয়ন্ত্রনে নিতে তিনি একটু বেশি সময় নিয়ে নেন। পরে দূরূহকোণ থেকে চেষ্টা করলেও বল চলে যায় গোলপোস্টের ওপর দিয়ে।
প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে বেশ কয়েকটি আক্রমণ করে ভিয়েতনাম। বক্সের মধ্যে কয়েকবার জটলা তৈরি হলেও জাল অক্ষত রাখে লাল-সবুজের প্রতিনিধিরা।
বিরতি থেকে ফিরে আর বেশি সময় ভিয়েতনামকে আটকে রাখতে পারেনি বাংলাদেশ। ম্যাচের ৪৮তম মিনিটে মধ্যমাঠে ফাউল করে বাংলাদেশ। সেখান থেকে লম্বা কিকে বল সোজা বাংলাদেশের বক্সে পাঠায় ভিয়েতনাম। গোলরক্ষক মিলি দৌড়ে এসে লাফিয়ে বলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তার হাত বসকে বল বেড়িয়ে যায়। সঙ্গে থাকা ভিয়েতনামের ফুটবলার টোকায় বল জালে জড়িয়ে দেন।
এরপর ম্যাচের বাকি সময় বাংলাদেশ চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি। এতে গ্রুপ পর্ব থেকেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেলো।

স্পোর্টস ডেস্ক