এক যুগ পর রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন
বয়স যে কেবলই একটা সংখ্যা, তা আবারও প্রমাণ করলেন মানুয়েল নয়্যার। ৪০ বছর বয়সেও সান্তিয়াগো বার্নাব্যুর গোলপোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন এই জার্মান গোলরক্ষক। নয়্যারের অসামান্য নৈপুণ্য আর লুইস দিয়াস ও হ্যারি কেইনের গোলে রিয়াল মাদ্রিদকে তাদেরই মাঠে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিনগত রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের হাইভোল্টেজ ম্যাচে ২-১ গোলে জিতেছে সফরকারী বায়ার্ন। রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে।
এই জয়ের মাধ্যমে দীর্ঘ ১২ বছর পর রিয়ালকে হারানোর স্বাদ পেল বায়ার্ন মিউনিখ। এর আগে ২০১১-১২ মৌসুমে সবশেষ স্প্যানিশ জায়ান্টদের হারিয়েছিল তারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমে ওঠে। দুই দলই ২০টি করে শট নিয়ে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত করে রাখে। তবে বায়ার্নের জয়ে মূল ভূমিকা রাখেন নুয়্যার। ম্যাচের ১৬ ও ১৮ মিনিটে এমবাপ্পে ও ভিনিসিয়াসের নিশ্চিত দুটি গোল রুখে দেন তিনি।
মাঝে আরও দুটি সুযোগ তৈরি করেছিল বায়ার্ন। তবে সেসব আটকে দেন রিয়ালের গোলরক্ষক আন্দ্রে লুনিন। কিন্তু ম্যাচের ৪১তম মিনিটে আর আটকাতে পারেননি তিনি। গুনাবির পাস থেকে নিখুঁত শটে বায়ার্নকে ১-০ তে এগিয়ে নেন লুইস দিয়াস।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও ধাক্কা খায় রিয়াল। ম্যাচের ৪৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বায়ার্ন। মাইকেল ওলিসের পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করেন হ্যারি কেইন। চলতি মৌসুমে এটি কেইনের ৪৯তম গোল।
ঘরের মাঠে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে রিয়াল। এমবাপ্পে বারবার সুযোগ তৈরি করলেও নুয়্যারের দেওয়াল ভাঙতে পারছিলেন না।
অবশেষে ৭৪ মিনিটে ব্যবধান কমান এমবাপ্পে। ম্যাচে প্রথমবার পরাস্ত হন নয়্যার। ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার আর্নল্ড গোলমুখে দুর্দান্ত ক্রস বাড়ান, আর পা বাড়িয়ে বল লক্ষ্যে পাঠান এমবাপ্পে।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে এমবাপ্পের গোল হলো ১৪টি, মৌসুমে সব মিলিয়ে হলো ৩৯টি, ৩৭ ম্যাচে।
ম্যাচের শেষ দিকে সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালায় রিয়াল। ভিনিসিয়াস ও এমবাপ্পে একের পর এক শট নিলেও বায়ার্নের রক্ষণভাগ ভাঙতে পারেননি।
নির্ধারিত সময়ের এক মিনিট আগে জামাল মুসিয়ালা গোল করার সহজ সুযোগ নষ্ট করলে ব্যবধান আর বাড়েনি। শেষ পর্যন্ত ঘরের মাঠে হার নিয়ে মাঠ ছাড়তে হয় লস ব্লাঙ্কোদের।
এই জয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে থাকল বায়ার্ন মিউনিখ। তবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে আগামী বুধবার বায়ার্নের ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ফিরতি লেগে মুখোমুখি হবে এই দুই দল।

স্পোর্টস ডেস্ক