মরিনিও-রিয়াল চুক্তি, বৈধ হবে তো!
টানা দুই মৌসুম শিরোপাহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এই সময়ে কোচ পরিবর্তন হয়েছে মোট তিনবার। কিন্তু শিরোপার ভাগ্যে কোনো পরিবর্তন আসেনি। সর্বশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল রিয়ালের যুবদলের কোচ আলভারো আরবেলোয়াকে। তিনিও পারেননি স্বপ্ন পূরণ করতে। তাই আলোচনা চলছিল মৌসুম শেষে তিনিও বিদায় নেবেন।
আরবেলোয়ার বিদায় ছাপিয়ে গত মাসখানেক ধরেই আলোচনা চলছিল আবারও রিয়ালের দায়িত্ব নেবেন জোসে মিরিনিও। ক্লাবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ইতোমধ্যে মরিনিওর সঙ্গে চুক্তি সম্পন্ন করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। চুক্তির মেয়াদ তিন বছর।
আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে রিয়াল মাদ্রিদের নির্বাচন। বিবিসি জানিয়েছে, সেই নির্বাচনের আগে মরিনিওকে কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে না। ক্লাবের বর্তমান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ যদি পুনরায় সভাপতি নির্বাচিত হন তাহলেই কেবল মরিনিওর এই চুক্তি বৈধ হবে।
রিয়াল মাদ্রিদের সঙ্গে মরিনিওর সম্পর্ক অবশ্য নতুন নয়। এর আগেও রিয়াল মাদ্রিদের ডাগআউট সামলেছেন তিনি। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত লস ব্লাঙ্কোদের কোচ ছিলেন তিনি। তার অধীনে রিয়াল একটি করে লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জিতেছিল। মরিনিও বর্তমানে বেনফিকা কোচের দায়িত্বে আছেন। দলটি তাঁর প্রথম মৌসুমে প্রিমেইরা লিগে তৃতীয় হয়েছে।
তবে মরিনিওর কোচ হওয়ার পেছনে বড় বাধা রিয়ালের নির্বাচন। ৭৯ বছর বয়সী পেরেজ ২০০৯ সাল থেকে রিয়ালের প্রেসিডেন্টের দায়িত্বে আছেন। তার অধীনে ক্লাবটি সর্বশেষ দুই মৌসুমে কোনো ট্রফি জিততে পারেনি। ফলে এবার রিয়ালের নির্বাচন ভিন্ন রূপ নিয়েছে।
গত ২০ বছরের মধ্যে এই প্রথম সভাপতি নির্বাচনে পেরেজের বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়েছেন। নবায়নযোগ্য জ্বালানি ব্যবসায়ী এনরিকে রিকেলমে তার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করলেও পেরেজই আবার জয়ী হবেন বলে আশা করা হচ্ছে।

স্পোর্টস ডেস্ক