এল ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে শিরোপা বার্সেলোনার
রিয়াল মাদ্রিদের শিরোপার আশা শেষ হয়ে গিয়েছিল কার্যত আগেই। ঐতিহ্যের লড়াই ‘এল ক্লাসিকো’বার্সেলোনার শিরোপার উৎসব পেছাতে পারত লস ব্লাঙ্কোসরা। কিন্তু হারানো তো দূরে থাক, বার্সার বিপক্ষে লড়াইটাই তো করতে পারল না রিয়াল। ঘরের মাঠে দারুণ ছন্দে চিরপ্রতিদ্বন্দীদের হারিয়ে টানা দ্বিতীয় লিগ শিরোপা ঘরে তুলল কাতালানরা।
রোববার (১১ মে) দিনগত রাতে লা লিগার ম্যাচে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।
৩৫ ম্যাচ শেষে ৩০ জয় ও ১ ড্রয়ে বার্সেলোনার সংগ্রহ এখন ৯১ পয়েন্ট। অন্যদিকে সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৭। লিগের বাকি ৩ ম্যাচ হারলেও বার্সেলোনাকে ছোঁয়া এখন রিয়ালের জন্য অসম্ভব। তাই হান্সি ফ্লিকের অধীনে দ্বিতীয় লিগ শিরোপা উদযাপনটা সেরে নিয়েছে বার্সা।
এটি বার্সেলোনার ইতিহাসের ২৯তম লা লিগা শিরোপা। তবে এবারই প্রথম নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপা জয়ের উৎসবে মাতল দলটি।
তবে বার্সেলোনার লক্ষ্য এখন ‘সেঞ্চুরি’। বাকি ৩ ম্যাচে আলাভেস, রিয়াল বেতিস ও ভালেন্সিয়ার বিপক্ষে জিতে ১০০ পয়েন্ট নিয়ে লিগ শেষ করতে চায় ওলমো-তরেসরা।
শিরোপা জিতলেও ম্যাচটি কিছুটা বিষাদময় বার্সেলোনার জন্য। কারণ ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগেই না ফেরার দেশে পাড়ি জমান বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের বাবা। সেই শোককে শক্তিতে রূপান্তর করেই ডাগআউটে দাঁড়িয়েছেন ফ্লিক।
ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদকে চেপে ধরে বার্সেলোনা। প্রথমার্ধেই দুই গোল করে জয়ের ভিত গড়ে ফেলে তারা। ম্যাচের অষ্টম মিনিটে ডি-বক্সের বাইরে ফ্রি-কিক পায় বার্সা। দারুণ এক বাঁকানো শটে গোল করে দলকে এগিয়ে নেন মার্কাস র্যাশফোর্ড। লিগে এটি তাঁর অষ্টম গোল।
র্যাশফোর্ডের গোলের ৯ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ফেররান তরেস। দানি ওলমোর পাস থেকে ফাঁকায় বল পেয়ে জোরালো শটে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন এই স্প্যানিশ তারকা। লিগে এটি তরেসের ১৬তম গোল।
দুই গোল হজম করার পর ম্যাচে ফেরার চেষ্টা করেছিল রিয়াল মাদ্রিদ। গন্সালো গার্সিয়া ও ভিনিসিয়াসরা সুযোগ পেলেও লক্ষ্যভেদ করতে পারেননি। দ্বিতীয়ার্ধে জুড বেলিংহ্যাম একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। পুরো ম্যাচে রিয়ালের আক্রমণভাগ ছিল অনেকটা ধারহীন।

স্পোর্টস ডেস্ক