রাতে এল ক্লাসিকো, হতে পারে শিরোপার মীমাংসা
শেষ পাঁচ লিগ ম্যাচের সবকটিতে জিতেছে বার্সেলোনা। পাঁচ ম্যাচে রিয়াল মাদ্রিদের জয় দুটি। দুটি ড্র, একটি হার। নড়বড়ে অবস্থার ছাপ পড়েছে লা লিগার পয়েন্ট টেবিলেও। শীর্ষে থাকা বার্সার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে রিয়াল। আজ রোববার (১০ মে) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় মুখোমুখি হবে দুদল।
মৌসুমের শেষ এল ক্লাসিকো শুরু হওয়ার আগে প্রশ্ন একটাই—আজই কি লিগ শিরোপার মীমাংসা হয়ে যাবে? ক্যাম্প ন্যুতে মাঠে নামার সময় বার্সার মাথায় দুটো ব্যাপার থাকবে। হারলেও লিগ জেতার জন্য হাতে সুযোগ আছে। যদি ড্র করা যায়, তাহলে চিরপ্রতিদ্বন্দীদের সামনে মাতা যাবে শিরোপা উৎসবে। ড্র করলেই নিশ্চিত হয়ে যাবে বার্সার লিগ টাইটেল।
৩৪ ম্যাচ শেষে কাতালানদের পয়েন্ট ৮৮। দুইয়ে থাকা রিয়ালের সংগ্রহ ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট। আজ বার্সেলোনা জিতলে পয়েন্ট হবে ৯১। লিগের বাকি থাকবে ৩ ম্যাচ। ৩ ম্যাচে ১৪ পয়েন্টের ব্যবধান ঘোচানো যাবে না। ড্র করলে ৮৯ পয়েন্ট নিয়ে মাথার ওপর থাকবে বার্সা। তখনও ব্যবধান ১১। শেষ ৩ ম্যাচে যা ঘোচানো অসম্ভব।
রিয়ালের সামনে কাগজে-কলমে সুযোগ আছে। আজ জিতলে লস ব্লাংকোদের পয়েন্ট হবে ৮০। ব্যবধান নামবে ৮-এ। শেষ তিন ম্যাচে বার্সেলোনা হারলে এবং রিয়াল জিতলে তবেই শিরোপা যাবে মাদ্রিদে। বার্সার সাম্প্রতিক ফর্ম এবং রিয়ালের ছন্দহীনতায় যা কল্পনা করাও বিলাসিতা।
ফুটবলবোদ্ধারা বরং ভাবছেন, আজ রাতেই শিরোপার উল্লাসে মেতে উঠবে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের সামনে এমন বুনো আনন্দে মাতার সুযোগ তো রোজ রোজ আসবে না। হানসি ফ্লিকের শিষ্যরা তাই সেটি হারাবেন কেন?
আলভারো আরবেলোয়ার রিয়ালের সামনে এই রাতে তাই ভিন্ন চ্যালেঞ্জ। ম্যাচের চেয়ে মান বাঁচানোর লড়াইটাই বেশি তাদের।

স্পোর্টস ডেস্ক