শিরোপায় একহাত বার্সেলোনার
খেলার ধরন খুব একটা মনকাড়া না হলেও কাজের কাজ ঠিকই সেরেছে বার্সেলোনা। ওসাসুনার বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় লড়াইয়ে ঘামঝরানো জয় পেয়েছে হান্সি ফিকের দল। এই জয়ে লা লিগার শিরোপা ধরে রাখার পথে অনেকটা এগিয়ে গেল কাতালানরা।
শনিবার (২ মে) দিনগত রাতে প্রতিপক্ষের মাঠে ২-১ ব্যবধানে জিতেছে বার্সেলোনা। রবার্ত লেভানদোভস্কি ও ফেররান তরেস বার্সার হয়ে গোল দুটি করেন। স্বাগতিক ওসাসুনার হয়ে একমাত্র গোলটি আসে রাউল গার্সিয়ার পা থেকে।
এই জয়ের পর ৩৪ ম্যাচে ২৯ জয় ও এক ড্রয়ে ৮৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
আজ রোববার এস্পানিওলের মাঠে রিয়াল মাদ্রিদ যদি জিততে না পারে, তবে আজই চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সেলোনা। আর রিয়াল যদি জিতে যায়, তবে আগামী সপ্তাহে ঘরের মাঠে এল ক্লাসিকোতে হার এড়াতে পারলেই শিরোপা নিশ্চিত হবে বার্সার।
ম্যাচের প্রথমার্ধে বার্সেলোনা বল দখলে একচ্ছত্র আধিপত্য দেখালেও ওসাসুনার রক্ষণ ভাঙতে পারছিল না। উল্টো ম্যাচের ৩৬তম মিনিটে ওসাসুনার বুদিমিরের একটি শট পোস্টে লেগে ফিরে আসলে নিশ্চিত গোল হজম থেকে বেঁচে যায় বার্সা। প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়।
দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পাচ্ছিল না বার্সেলোনা। আক্রমণে ধার বাড়াতে ৬২তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন করেন কোচ হান্সি ফ্লিক। দানি ওলমো, গাভি ও বার্দগিকে তুলে মাঠে নামানো হয় ফেররান তরেস, ডি ইয়ং ও মার্কাস রাশফোর্ডকে।
এরপর আক্রমণে আরও ধার বাড়ে বার্সেলোনার। ম্যাচের ৮১তম মিনিটে গিয়ে ডেডলক ভাঙেন লেভানদোভস্কি। রাশফোর্ডের দারুণ এক ক্রস থেকে হেডে গোল করে দলকে ১-০ তে এগিয়ে নেন অভিজ্ঞ এই পলিশ তারকা। চলতি লিগে এটি তাঁর ১৩তম গোল।
এর ৫ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ফেররান তরেস। ম্যাচের ৮৬তম মিনিটে ফের্মিন লোপেসের পাস ধরে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
ম্যাচের একদম শেষ দিকে রাউল গার্সিয়া একটি গোল শোধ করলে কিছুটা উত্তেজনা ছড়ায়। তবে শেষ পর্যন্ত আর কোনো অঘটন ঘটেনি। ২-১ গোলের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্ক