আবারও পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ
সান্তিয়াগো বার্নাব্যুতে জয়ের খোঁজে নেমে আবারও হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে একচেটিয়া আধিপত্য বিস্তার করেও জিরোনাকে হারাতে পারেনি আলভারো আরবেলোয়ার দল। এমবাপ্পে-ভিনিসিয়াসদের গোল মিসের মহড়ায় শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়েছে পয়েন্ট ভাগাভাগি করে।
শুক্রবার (১০ এপ্রিল) দিনগত রাতে বার্নাব্যুতে লা লিগার ম্যাচে জিরোনার বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে রিয়াল মাদ্রিদ।
সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা তিন ম্যাচে জয়হীন রইল রিয়াল। এর আগে লিগ ম্যাচে মায়োর্কা এবং চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে হেরেছিল তারা। আগামী বুধবার বায়ার্নের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই ড্র রিয়ালের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই হারের পর ৩১ ম্যাচ শেষে ৭০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। এস্পানিওলের বিপক্ষে পরের ম্যাচে জিতলে রিয়ালের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে বার্সার সামনে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে রিয়াল। পুরো ম্যাচে ৬১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২২টি শট নিয়েছে লস ব্লাঙ্কোরা। যার মধ্যে ৯টিই ছিল লক্ষ্যে। কিন্তু গোলমুখে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়র ছিলেন একেবারেই ম্লান।
ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি সহজ সুযোগ পেয়েও জাল খুঁজে নিতে পারেননি রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের ফুটবলাররা। উল্টো মাঝে মাঝে পাল্টা আক্রমণে রিয়ালের রক্ষণে ভীতি ছড়িয়েছে জিরোনা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে অবশ্য দ্রুতই গোলের দেখা পায় রিয়াল। ম্যাচের ৫১তম মিনিটে রিয়াল ভক্তদের উল্লাসে মাতান ফেদেরিকো ভালভার্দে। ব্রাহিম দিয়াসের পাস থেকে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে জিরোনার গোলরক্ষককে পরাস্ত করেন উরুগুয়ের এই তারকা।
তবে রিয়ালের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ৬২তম মিনিটে বক্সের বাইরে থেকে চমৎকার এক বাঁ পায়ের শটে সমতা ফেরান জিরোনার তমাস লেমা। রিয়াল গোলরক্ষক লুনিন ঝাঁপিয়েও বলের নাগাল পাননি।
রিয়ালের রক্ষণের দুর্বলতা এখন বেশ স্পষ্ট। লা লিগায় টানা আট ম্যাচে গোল হজম করল তারা, যা ২০১৯ সালের পর প্রথম। গোল হজমের পর রিয়ালের আক্রমণের ধার কমে যায় এবং গ্যালারি থেকে দর্শকদের দুয়োধ্বনিও শোনা যায়। সেটা শুনতে শুনতেই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে রিয়াল।

স্পোর্টস ডেস্ক