সভাপতি তামিমকে নিয়ে কী বললেন অধিনায়ক মিরাজ?
এক সময় দুজন ছিলেন সতীর্থ। বাইশ গজে দেশের প্রতিনিধিত্ব করেছেন। সময়ের পালাবদলে একজন এখন দেশের ক্রিকেটের অভিভাবক, আরেকজন জাতীয় দলের অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের কমিটির অধীনে প্রথম সিরিজ খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলের নেতৃত্ব মেহেদী হাসান মিরাজের কাঁধে।
ম্যাচের আগেরদিন আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। অবধারিতভাবে উঠে আসে তামিম প্রসঙ্গ। বিসিবিতে ঘনঘন পালাবদল কতটা প্রভাব ফেলছে তাদের ওপর, জিজ্ঞাসা ছিল সেটি নিয়েও। মিরাজ অবশ্য জানালেন, অত কিছু নিয়ে তারা ভাবেন না।
বাংলাদেশ অধিনায়ক বলেন, 'পেশাদার খেলোয়াড় হিসেবে বাইরে কী হয়, তা আমাদের ওপর প্রভাব ফেলে না। আমাদের কাজ হচ্ছে পারফর্ম করা। বাইরে কী হয়, তা নিয়ে ভাবি না।'
না ভাবলেও তামিম এখন বিসিবি বস। তার সঙ্গে কোনো কথা হয়েছে কি না, জানতে চাইলে মিরাজ জানান, প্রেসিডেন্টের সঙ্গে তাদের কথা হয়েছে। প্রশংসা করেছেন দলের। দিয়েছেন ভালো খেলার তাগিদ।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামীকাল। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।

ক্রীড়া প্রতিবেদক