স্থানীয়দের ব্যাপারে পুরোনো অভিযোগ সামনে আনলেন জামাল
হামজা চৌধুরীকে ফুটবল জাগরণের নতুন দূত বলা যায় অনায়াসে। তবে, শুরুর কারিগর নিঃসন্দেহে জামাল ভূঁইয়া। সেই সময় নানা সীমাবদ্ধতা তো ছিলই, সঙ্গে ছিল সতীর্থদের অসহযোগিতা। বাংলাদেশের ফুটবলে এখন যেমন শোনা যায় সিন্ডিকেটের কথা এবং প্রবাসী ফুটবলারদের প্রতি স্থানীয়দের বিরাগের কথা, সেটি ছিল জামালের সময়ও।
সম্প্রতি এক পডকাস্টে বাংলাদেশের ফুটবলে শুরুর সেই অন্ধকার অধ্যায় নিয়ে জামাল বলেন, ‘প্রথম যখন জাতীয় দলে এসেছিলাম তখনকার অনেক প্লেয়ার মনে করেছিল আমি বাংলা বুঝি না। মাঝেমধ্যে আমি শুনতাম তারা নিজেরা কথোপকথন করছে, উনার সাথে খেলো না, উনাকে পাস দিও না। যদিও এসব আমার ক্যারিয়ারের একদম শুরুর দিকের ঘটনা, এসব কিছুকে আমি একদম পাত্তা দেইনি । এরপর আমি নিজেকে আস্তে আস্তে প্রমাণ করেছি।’
এসবের জন্য মিডিয়ারও দায় দেখছেন জামাল। বাংলাদেশ অধিনায়কের মতে, মিডিয়ার অতিরিক্ত প্রচারে স্থানীয় ফুটবলাররা হীনমন্যতায় ভোগেন। তাদের মনে হয়, বিদেশিদের বেশি হাইলাইট করা হয়।
জামাল বলেন, ‘আমার মনে হয় এটার জন্য মিডিয়া দায়ী। কারণ মিডিয়া একটা বিদেশি খেলোয়াড় আসলে তাকে বেশি হাইলাইট করে। যে কারণে দেশি খেলোয়াড়রা মনে করে, তারা হাইলাইটের বাইরে চলে যাচ্ছে। দেশি ফুটবলাররা এই সময়টায় হীনমন্যতায় ভোগে। তারা মনে করে, সব আলো বিদেশিরা কেড়ে নিচ্ছে।’

স্পোর্টস ডেস্ক