বাফুফে সভাপতি হলে কী করতেন জামাল ভূঁইয়া?
বাংলাদেশের ফুটবলকে ভালোবেসে ছেড়েছিলেন ইউরোপের চাকচিক্যময় জীবন। অন্ধকারে আলো জ্বালাতে এসেছিলেন ডেনমার্ক জাতীয় দলে খেলার সম্ভাবনা ছেড়ে। ক্যারিয়ারের শেষের পথে এখন জামাল ভূঁইয়া। দেখে ফেলেছেন দেশের ফুটবলের ভেতর-বাইরের সবটাই।
সাত বছর বয়স থেকেই ইউরোপে ফুটবল খেলা শুরু জামালের। সিনিয়র ক্যারিয়ারে খেলে এসেছেন আর্জেন্টিনার ক্লাবে। তাই জামালের জানা আছে, কীভাবে ফুটবলের উন্নতি করা যায়। ক্যারিয়ার শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দায়িত্ব নিতে চান কি না, সেটি নিয়ে কথা বলেছেন তিনি।
সম্প্রতি এক পডকাস্টে অতিথি হয়েছিলেন জামাল। সেখানে তাকে প্রশ্ন করা হয়, কোনোদিন বাফুফে সভাপতি হওয়ার ইচ্ছে আছে? উত্তরে জামাল বলেন, ‘সম্ভবত একদিন (সভাপতি হতে পারি)। তবে এটা আমার স্বপ্ন না। কখনও এটা সম্ভব হতে পারে। কিন্তু আমি এই রাস্তায় নেই।’
বাফুফে সভাপতি হলে সবার আগে কোন কাজটা করতেন জামাল? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অগ্রাধিকারের ভিত্তিতে ফ্যাসিলিটি এবং লোকাল ফুটবলকে শক্তিশালী করা। আর বাচ্চাদের জন্য টুর্নামেন্ট আয়োজন করা। বাচ্চাদের আরও সুবিধা দিতে হবে।’
দেশের ফুটবল উন্নয়নে কাজ করার পরামর্শ দিয়ে জামাল বলেন, ‘আপনি দেখেন, ঢাকা শহরে এখন কয়টা মাঠ আছে? অনেক কম আছে। আমাদের বেশিরভাগ ক্লাবগুলোর ইউথ লেভেলে টিম নাই। আমাদের এই কালচার শুরু করতে হবে। আমার যদি এখন এটা শুরু করতে পারি, তাহলে ১০-১৫ বছর পর এটার ফলাফল আসবে।’

স্পোর্টস ডেস্ক