আবারও নাহিদ-শরিফুলের আঘাত, ৯ উইকেট নেই নিউজিল্যান্ডের
মিরপুরের উইকেট কিছুটা ধীরগতির সেটি বোঝা গিয়েছিল ম্যাচের শুরুতেই। সেটিকে কাজে লাগিয়ে দারুণ বোলিং করছেন বাংলাদেশের বোলাররা। নাহিদ রানা-শরিফুল ইসলামদের খেলতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে নিউজিল্যান্ডের ব্যাটারাদের। বেশ আঁটোসাঁটো বোলিং করে যাচ্ছেন টাইগার বোলাররা। ৪৫ ওভার শেষেও ২০০ রান করতে পারেনি কিউইরা। হারিয়েছেন ৯ উইকেট।
আজ সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪৫.৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৩ রান নিয়েছে নিউজিল্যান্ড।
আগের ম্যাচে নিউজিল্যান্ডের আড়াইশ ছোঁয়া পুঁজি গড়ার পেছনে বড় ভূমিকা ছিল ডিন ফক্সক্রফটের। তবে এ ম্যাচে তাকে সেই সুযোগ দেননি নাহিদ রানা। দেখেশুনে শুরু করা এই ব্যাটারকে ফিরিয়েছেন নাহিদ। ফেরার আগে করেছেন ৩৫ বলে ১৫ রান।
নয় নম্বরে নেমে দ্রুত বাড়ানোর চেষ্টা করছিলেন ব্লেয়ার টিকনার। তাকেও বেশি দূর যেতে দেননি শরিফুল ইসলাম। ১১ বলে ১২ রান করে আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। পরের ওভারে বোলিংয়ে এসে আবারও উইকেট তুলে নিয়েছেন নাহিদ। ফিরিয়েছেন জেইডন লিননক্সকে (৪ বলে ০)।
কাঁটা সরালেন শরিফুল, সঙ্গী হলেন রিশাদও
একপ্রান্ত থেকে ৪ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু ইনিংসের সূচনা করতে একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশের মাথা ব্যথ্যার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন নিক কেলি। হাফসেঞ্চুরি তুলে নিয়ে সেঞ্চুরির দিকে ছুটছিলেন তিনি। আর বেশি যেতে দেননি শরিফুল ইসলাম। বাংলাদেশের পথে কাটা সরিয়েছেন বাঁহাতি পেসার।
৩৭তম ওভারে শরিফুলকে তুলে মারতে গিয়ে মিডউইকেটে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়েছেন কেলি। এতে থেমেছে এই কিউই ওপেনারের ১০২ বলে ৮৩ রানের ইনিংস। পরের ওভারে বোলিংয়ে এসে কিউই শিবিরে আঘাত হেনেছেন রিশাদও। নতুন ব্যাটার ক্লার্কসন কাট করতে গিয়েছিলেন রিশাদকে। সেটি ঠিকঠাক মতো করতে পারেননি ক্লার্কসন। পয়েন্টে দাঁড়িয়ে থাকা মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। ফিরেছেন ৫ বলে ৬ রানে।
মিরপুরে চলছে নাহিদ রানা শো
পাওয়ার-প্লেতে নিজের স্পেলেই নিউজিল্যান্ডের প্রথম দুই উইকেট ছিল নাহিদ রানার। এরপর আর তিনি বোলিংয়ে আসেননি। মাঝে সৌম্য সরকার একটি উইকেট নিলেও চতুর্থ উইকেটে পঞ্চাশ পেরোনো জুটি গড়ে ফেলেছিলেন নিক কেলি আর মোহাম্মদ আব্বাস।
দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে বাংলাদেশের দুঃশ্চিন্তার কারণ হয়ে ওঠা সেই জুটি ভাঙলেন নাহিদ। টাইগার পেসারের গতিময় বাউন্সারে পরাস্ত হন আব্বাস। বল ব্যাটের উপরের অংশে লেগে যাচ্ছিল পেছনের দিকে। উইকেটরক্ষক লিটন দাস দুর্দান্তভাবে সেটিকে তালুবন্দি করেন। আব্বাস ফেরেন ৩৪ বলে ১৯ রান করে।
এবার নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে সৌম্যর আঘাত
নাহিদ রানার উইকেট শিকারের পর জুটি গড়ার চেষ্টায় ছিলেন নিউজিল্যান্ডের ওপেনার টম লাথাম আর নিক কেলি। দেখেশুনে খেলে তৃতীয় উইকেটে ৫০ বলে ২৪ রানের জুটি গড়েছিলেন তারা।
সেই জুটি ভয়ঙ্কর হওয়ার আগেই ভেঙে দিয়েছেন সৌম্য। ১৮তম ওভারে সৌম্যর স্টাম্পে পড়া বল বেরিয়ে যাওয়ার পথে বাঁহাতি ল্যাথামে ব্যাটে লেগে পেছনে যায়। লিটন সামনে হাত বাড়িয়ে নিচু হয়ে বল গ্লাভসবন্দি করেন। আম্পায়ার কয়েকবার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দেন।
নাহিদের ঝড়ে বল হাতে নিয়ন্ত্রণ বাংলাদেশের
আগের ম্যাচে অনেকটাই নিজের ছায়া হয়েছিলেন পেসার নাহিদ রানা। ছিলেন বেশকিছুটা খরুচে। তবে দ্বিতীয় ম্যাচেই স্বরূপে ফিরলেন টাইগার পেসার। ছড়ি ঘুড়ালেন নিউজিল্যান্ডের ব্যাটারদের ওপর।
ইনিংসের অষ্টম ওভারে বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন নাহিদ। কিউই ওপেনার হেনরি নিকোলসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেরেন তিনি। ফেরার আগে ২৬ বলে ১৩ করে রান করেন নিকোলস।
২৫ রানে প্রথম উইকেট পতনের পর দ্রুতই দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা। উইল ইয়ংকেও সাজঘরের পথ দেখান নাহিদ। নাহিদের প্রায় ১৪৭ কিলোমিটার গতির বাউন্সারে পরাস্ত হয়ে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দেন ইয়ং। ৭ বলে ২ রান করে ফেরেন ইয়ং।
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন
আজ সোমবার (১৭ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ। বাংলাদেশের আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন, তার জায়গায় দলে ঢুকেছেন সৌম্য সরকার। চোট পাওয়া মুস্তাফিজুর রহমান আজও একাদশের বাইরে।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাইফ হাসান, রিশাদ হোসেন, নাহিদ রানা, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

স্পোর্টস ডেস্ক