বাংলাদেশের সামনে লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
শুরুর ঝড়ে মনে হয়েছিল লণ্ডভণ্ড হবে বাংলাদেশ। সাগরিকায় গর্জে উঠেছিলেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। দেরিতে হলেও সামলে নেন বাংলাদেশি বোলাররা। মাঝে বন্ধ হয় খেলা। শেষাংশে কিউইরা ফের ব্যাট চালায়। তাতে, স্কোরবোর্ডে লড়াকু পুঁজি দাঁড় করাতে সক্ষম হয়েছে সফরকারীরা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডের সংগ্রহ ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান।
আজ সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রামে টস জিতে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। দ্বিতীয় ওভারেই অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন বোলার ও ফিল্ডার মিলে। তানজিম হাসান সাকিবের ডেলিভারিতে রান আউট হন নিউজিল্যান্ড ব্যাটার টিম রবিনসন। মাত্র এক বল খেলে তাওহিদ আফ্রিদির হাতে কাটা পড়েন রবিনসন। ১১ রানে প্রথম উইকেট হারায় কিউইরা।
দ্রুত সাফল্য পেলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। কেইটেন ক্লার্ক ও ডেন ক্লিভার মিলে চালকের আসনে বসান সফরকারীদের। প্রথম ৬ ওভার শেষে স্কোরবোর্ডে ৬১ রান যোগ করে নিউজিল্যান্ড। ঝড়ো বেগে দুজন যখন রান তুলছিলেন, তখন পাল্টা আঘাত হানেন রিশাদ হোসেন। ২৮ বলে ৫১ করা ক্লিভারকে লেগেবিফোরের ফাঁদে ফেলেন রিশাদ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি কিউই ব্যাটার। দলীয়ে ৯৯ রানে ভাঙে ৮৮ রানের জুটি।
ইনিংসের ১২তম আর রিশাদের ব্যক্তিগত তৃতীয় ওভারের চতুর্থ বলে রিভার্স সুইপে বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন ক্লার্ক। কিছুটা পেছনের দিকে সরে গিয়ে সেটি তালুবন্দি করেন হৃদয়। ক্লার্ক ফেরেন ৩৭ বলে ৫১ রান করে।
তানজিম সাকিব ফেরান বেভন জ্যাকবসকে। রিশাদের ক্যাচ বানিয়ে এক রানের বেশি করতে দেননি জ্যাকবসকে। ডিন ফক্সক্রফটকে বোল্ড করে কিউই ব্যাটিংয়ে খানিকটা লাগাম টেনে ধরেন শেখ মেহেদী।
বাংলাদেশের ওপর চড়াও হওয়ার আভাস দিচ্ছিলেন কিউই কাপ্তান নিক কেলি। ২৭ বলে ৩৯ রানের ইনিংসটি বড় করতে পারেননি শরিফুল ইসলামের কারণে। শরিফুলের বলে শর্ট ফাইন লেগে তানজিম সাকিবের তালুবন্দি হন কেলি।
শেষে দিকে জশ ক্লার্কসনের ১৪ বলে অপরাজিত ২৭ রানে ভর দিয়ে ১৮০-র ঘর পার করে নিউজিল্যান্ড।
বাংলাদেশের পক্ষে রিশাদ দুটি এবং শরিফুল, সাকিব ও মেহেদী পান একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ২০ ওভারে ১৮২/৬ (ক্লার্ক ৫১, রবিনসন ০, ক্লিভার ৫১, কেলি ৩৯, বেভন ১, ফক্সক্রফট ৩, ক্লাকর্সন ২৭*, স্মিথ ২*; শরিফুল ৪-০-৩৬-১, সাকিব ৪-০-৪০-১, রিপন ৪-০-৩৯-০, মেহেদী ৪-০-৩১-১, রিশাদ ৪-০-৩২-১)

স্পোর্টস ডেস্ক