মাঠে গড়াবে কী দ্বিতীয় টি-টোয়েন্টি ?
ওয়ানডে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির মিশন জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতে এখন সিরিজ নিশ্চিত করার লক্ষ্য টাইগারদের। তবে দেশের চলমান আবহাওয়া সেই লক্ষ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
আজ বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।
গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। গতরাত থেকে সেই পরিমাণ আরও বেড়েছে। এতে দেশের ক্রিকেট প্রেমীদের মনে শঙ্কা জেগেছে এমন অবস্থায় দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে তো?
আবহাওয়াভিত্তিক ওয়েবসাইট আকুওয়েদারের বলছে, চট্টগ্রামে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে বৃষ্টির পরিমাণ ১.২ মিলিমিটার।
তবে আশার খবর হলো সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আকুওয়েদারের তথ্যানুযায়ী, দুপুর ২-৩টা পর্যন্ত বৃষ্টি কমে ০.২ মিলিমিটারের নেমে আসবে। অর্থাৎ বৃষ্টি কমে যাবে।
ওয়েবসাইটটিতে বলা হয়েছে, বিকেল ৩-৫টা পর্যন্ত আকাশ মেঘলা থাকলেও এই সময়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে সন্ধ্যা ৬টা থেকে আবারও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে দিনের সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে (বৃষ্টির পরিমাণ ৪.৭ মিলিমিটার)।
এমন অবস্থায় দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়ানো বেশ কঠিনই হবে। যদিও ৩-৫টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে যদি আগেই মাঠ শুকানো যায়, তাহলে ওভার কমিয়ে খেলা মাঠে গড়াতে পারে।

স্পোর্টস ডেস্ক