যেভাবে দেখবেন বাংলাদেশ-নিউজিল্যান্ডের শেষ ম্যাচ
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশের। সেসব ভুলে বছরের প্রথম টি-টোয়েন্টি সিরিজ খেলছে টাইগাররা। সুযোগ আছে সিরিজ জয় দিয়ে বছর শুরু করারও। তিন ম্যাচ সিরিজে দুই ম্যাচ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। আজ শেষ ম্যাচে জয় পেলেই নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়ের উল্লাস করবে টিম টাইগার্স।
সেই লক্ষ্যে আজ শনিবার (২ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। খেলা শুরু হবে দুপুর ২টায়।
বাংলাদেশ-নিউজিল্যান্ডের সংক্ষিপ্ত সংস্করণের এই লড়াই বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। অনলাইনে দেখা যাবে ট্যাপম্যাড অ্যাপে। ভারত ও নেপালে দেখা যাবে ফ্যানকোডে। পাকিস্তানে পিটিভি ও ট্যাপম্যাড অ্যাপে।
প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান করেছিল নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে দারুণ ব্যাটিংয়ে ১৮ ওভারে ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে অবশ্য কোনো লড়াই করতে পারেনি বাংলাদেশ-নিউজিল্যান্ড। তৃতীয় পক্ষ হিসেবে জয় তুলে নিয়েছে বৃষ্টি। সারাদিন প্রবল বৃষ্টিপাতের কারণে ম্যাচের টস পর্যন্ত করা যায়নি। পরে দীর্ঘ অপেক্ষা শেষে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি অ্যান্ড্রি পাইক্রফট।
দুই দলের মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২২টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এর মধ্যে কিউইদের জয় ১৫টি ম্যাচে। আর বাংলাদেশ জিতেছে ৫টি ম্যাচ। শেষ ম্যাচ মাঠে না গড়ানোয় দুই দলের জয়-পরাজয়ের পরিসংখ্যানে কোনো পরিবর্তন আসেনি। এক থেকে দুইয়ে দাঁড়িয়েছে ফলাফল না আসা ম্যাচের সংখ্যা।
তবে কাগজে-কলমের এই জটিল হিসাবের বাইরে নতুন অঙ্ক মিলিয়ে সফল টিম টাইগার্স। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছে লিটন দাসের দল। সর্বশেষ খেলা ছয়টি সিরিজের মধ্যে পাঁচটিতেই জিতেছে বাংলাদেশ।
সাম্প্রতিক টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সাফল্য আর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের আত্মবিশ্বাস– দুটোই শেষ ম্যাচে এগিয়ে রাখবে লিটন দাসের দলকে। এর সঙ্গে মিরপুরের উইকেট তো হাতের তালুর মতোই চেনা টাইগার ক্রিকেটারদের। সবমিলিয়ে এগিয়ে থেকেই সিরিজ জয়ের মিশনে নামবে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক