বিশ্বকাপে যেতে নেইমারকে নতুন শর্ত আনচেলত্তির
চোট জর্জরিত ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ২০২৩ সালে এসিএল ইনজুরির পর থেকে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি তার। আগামী মাসে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। এখন সবচেয়ে আলোচনায় নেইমারের বিশ্বকাপ স্কোয়াডে থাকা।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন, শারীরিকভাবে পূর্ণ ফিট নাহলে কোনোভাবেই নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে রাখবেন না তিনি। নেইমারও নিজেকে প্রস্তুত করছেন সেভাবেই। আগের চেয়ে এখন অনেকটাই ফিট তিনি। কিন্তু এখনো শতভাগ ফিট নয় বলেই আলোচনা।
আরো পড়ুন : বিশ্বকাপের আগে তদন্তের মুখে নেইমার
তবে ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলোর তথ্যানুযায়ী, নেইমারকে নিয়ে নতুন পরিকল্পনা আঁটছেন আনচেলত্তি। নতুন খবর অনুযায়ী, নেইমারের যদি বেঞ্চে বসতে কোনো আপত্তি না থাকে কিংবা তাকে শুরুর একাদশে না রাখা মেনে নেন, তাহলে তাকে স্কোয়াডে রাখতে পারেন আনচেলত্তি।
এবার ব্রাজিল জাতীয় দলের মিডফিল্ডার ক্যাসেমিরো বললেন, আনচেলত্তির এই সিদ্ধান্ত মেনে নেবে নেইমার। ক্যাসেমিরেরা ভাষ্যমতে, ট্রফি জয়ই মূল লক্ষ্য নেইমারের। সেজন্য যেকোনো কিছুই বিসর্জন দিতে পারেন নেইমার।
ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাসেমিরো বলেন, “আমার মতে- নেইমারের এই ধরনের (একাদশে প্রভাব বিস্তার করা) কোনো সমস্যা কখনোই ছিল না। এমনকি জাতীয় দলের অন্যতম অধিনায়ক হওয়ার মতো বয়স এবং অভিজ্ঞতা তার আছে। কিন্তু জাতীয় দলে এসব নিয়ে সে কখনোই মাথা ঘামায়নি। সে সবসময় বলত- ‘আমাকে বল দাও, চলো আনন্দ করি এবং ফুটবল খেলি। আর এটাই আমি। আমি মাঠে আনন্দ করতে চাই, খেলা উপভোগ করতে চাই।’ নেইমার সবসময় এটাই প্রমাণ করেছেন।”
ক্যাসেমিরো বলেন, “নেইমার কখনোই প্রভাব বিস্তারকারী হওয়ার ভূমিকা নিতে চায়নি। সে সবসময় এমন একজন মানুষ, যে মাঠে আনন্দ করতে চেয়েছে। আমার মনে হয়, আপনি যদি তার সাথে বিশ্বকাপে খেলার ইচ্ছা নিয়ে কথা বলেন এবং যদি তাকে (বেঞ্চে বসার) প্রস্তাব দেন, তবে সে জাতীয় দলে যেতে চাইবে, কারণ সে বিশ্বকাপে খেলতে চায়।”
ক্যাসেমিরো স্বীকার করেছেন যে, ব্রাজিল জাতীয় দলে নেইমারের জায়গা নিয়ে ক্রমাগত আলোচনা এখন একঘেয়ে হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “এটা বিরক্তিকর। কারণ সবাই (বিশ্বকাপে নেইমারকে নিয়ে) কথা বলে, সবাই জিজ্ঞাসা করে এবং সবাই উত্তর দেয়। বিশেষ করে আমি। সত্যি বলতে আমি নেইমারের বন্ধু—তাকে ১২ বছর বয়স থেকে চিনি।”
নেইমারের নতুন করে প্রমাণ করার কিছু নেই বলে মনে করেন ক্যাসেমিরো। ব্রাজিলের এই মিডফিল্ডার বলেন, “আমার মতে বিষয়টি খুব পরিষ্কার, নেইমারের নতুন করে কারো কাছে কিছু প্রমাণ করার নেই। সবকিছু নির্ভর করছে, সে তার সেরা শারীরিক অবস্থার কতটা কাছাকাছি পৌঁছাতে পারছে তার ওপর। কারণ প্রতিভার কথা বললে, সে কত বড় মাপের খেলোয়াড় তা নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই।”

স্পোর্টস ডেস্ক