সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাট ও বল হাতে দারুণ পারফরম্যান্সে এই জয়ে বড় অবদান রেখেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তরুণ পেসার নাহিদ রানা, মুমিনুল হক ও মুশফিকুর রহিমরা। আর এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসি র্যাংকিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের।
ম্যাচে প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই ইনিংস মিলিয়ে ১৮৮ রান করে ম্যাচসেরাও হন তিনি। দুর্দান্ত এই পারফরম্যান্সে আইসিসি টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন শান্ত। বর্তমানে ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শীর্ষে আছেন তিনি। সবমিলিয়ে তার অবস্থান এখন ২৪ নম্বরে।
ব্যাটিং র্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে মুমিনুল হকেরও। পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংসেই ফিফটি করা এই ব্যাটার ১২ ধাপ এগিয়ে এখন আছেন ৩৫ নম্বরে। অন্যদিকে দুই ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠে এসেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
তবে, পিছিয়েছেন কয়েকজন ক্রিকেটার। মাহমুদুল হাসান জয় ৬ ধাপ, সাদমান ইসলাম ৪ ধাপ এবং মেহেদী হাসান মিরাজ এক ধাপ নিচে নেমে গেছেন।
বল হাতে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নাহিদ রানা। চতুর্থ ইনিংসে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন এই তরুণ পেসার। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টের চতুর্থ ইনিংসে ফাইফারের কীর্তি গড়েন তিনি। এই পারফরম্যান্সে টেস্ট বোলিং র্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়ে এখন ৬৪ নম্বরে আছেন নাহিদ। এছাড়া স্পিনার তাইজুল ইসলামও তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৩ নম্বরে।

স্পোর্টস ডেস্ক