পেসারদের সাফল্যের কারণ জানালেন সাইফউদ্দিন
গত কয়েক বছরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং ইউনিটে এসেছে চোখে পড়ার মতো পরিবর্তন। ধারাবাহিক পারফরম্যান্স আর গতির ঝড়ে প্রতিপক্ষকে কুপোকাত করছেন দেশের পেসাররা। পেস বোলারদের সাম্প্রতিক এই অভাবনীয় সাফল্যের পেছনে ‘হেলদি কম্পিটিশন’ বা স্বাস্থ্যকর প্রতিযোগিতাকে অন্যতম কারণ হিসেবে দেখছেন টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
তাঁর মতে, দলের ভেতর নিজেদের সেরাটা দেওয়ার লড়াই যত বাড়ছে, বাংলাদেশের ক্রিকেটও তত এগিয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন সাইফউদ্দিন।
সাইফউদ্দিন বলেন, ‘আপনি যদি গত দুই-তিন বছরে আমাদের পেস বোলারদের সাফল্যের দিকে তাকান, তবে তা এক বাক্যে স্বীকার করতে হবে। এমনকি আমাদের সাম্প্রতিক টেস্ট জয়গুলোর পেছনেও পেসারদের অবদান সবচেয়ে বেশি। অথচ একটা সময় ছিল যখন আমরা টেস্ট ক্রিকেটে পেস বোলিং নিয়ে প্রতিনিয়ত সংগ্রাম করতাম।’
বর্তমানে জাতীয় দলের পেস আক্রমণে থাকা নাহিদ রানা, তাসকিন আহমেদদের মতো বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন সাইফউদ্দিন। ওয়ানডে, টি-টোয়েন্টি কিংবা টেস্ট— সংস্করণ যেটিই হোক না কেন, সবখানেই পেসাররা দলের জয়ে ভূমিকা রাখছেন বলে মনে করেন তিনি।
দলের ভেতরের প্রতিযোগিতামূলক পরিবেশটাই ক্রিকেটারদের পারফরম্যান্স আরও বাড়িয়ে দিচ্ছে। সাইফউদ্দিনের মতে, যখন একজন বোলার দেখেন তার সতীর্থ কঠোর পরিশ্রম করছেন, তখন নিজের মধ্যেও ভালো করার তাগিদ তৈরি হয়।
সাইফউদ্দিন বলেন, ‘সতীর্থদের কঠোর পরিশ্রম দেখতে পাওয়াটা নিজেকে আরও বেশি অনুপ্রাণিত (মোটিভেট) করে। অনুশীলনে নিজের কাজের পরিধি আরও বাড়াতে এবং প্রতিনিয়ত চেষ্টা করতে সাহায্য করে। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ একটা ইতিবাচক দিক।’
নিজেদের আরও উঁচুতে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে এই অলরাউন্ডার বলেন, ‘আমরা সবাই প্রতিদিন আরও উন্নতি করার চেষ্টা করে যাচ্ছি। আমাদের পেস বোলারদের মধ্যে যত বেশি এবং স্বাস্থ্যকর প্রতিযোগিতা থাকবে, দলের পারফরম্যান্সও তত সমৃদ্ধ হবে।’

স্পোর্টস ডেস্ক