বিশ্বকাপ দলে ডাক পাওয়ার পর নতুন করে চোটে পড়েছেন নেইমার
দীর্ঘদিন পর ব্রাজিলের বিশ্বকাপ দলে ডাক পেয়ে আনন্দাশ্রু ঝরেছিল নেইমার জুনিয়রের। কিন্তু সেই খুশির রেশ কাটতে না কাটতেই আবারও চোটের কবলে পড়েছেন এই সেলেসাও তারকা। ডান পায়ের মাংসপেশির (মাসল ইনজুরি) নতুন চোটের কারণে বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে নেইমারের ফিটনেস নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
গতকাল বুধবার (২০ মে) নেইমারের বর্তমান ক্লাব সান্তোসের মেডিকেল বিভাগ তাঁর এই নতুন চোটের খবরটি নিশ্চিত করেছে। এই চোটের কারণে ইতিমধ্যে সান লরেন্সোর বিপক্ষে সান্তোসের কোপা সুদামেরিকানার ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। এমনকি গ্রেমিওর বিপক্ষে সান্তোসের আসন্ন লিগ ম্যাচেও তাঁর খেলার কোনো সম্ভাবনা নেই।
আগামী সপ্তাহে ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের। তার আগে নিজেকে পুরোপুরি ফিট করে তোলাই এখন নেইমারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সান্তোস ও ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)—উভয় পক্ষই বর্তমানে তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখছে।
অবশ্য সান্তোসের মেডিকেল বিভাগের প্রধান রদ্রিগো জোগাইব ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন, নেইমারের এই চোট খুব একটা গুরুতর নয়। আগামী সপ্তাহে ব্রাজিলের জাতীয় দলে যোগ দেওয়ার আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন।
গত সোমবার মধ্যরাতে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি যখন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন, তখন সবচেয়ে বড় চমক ছিল নেইমারের অন্তর্ভুক্তি। ২০২৩ সালের অক্টোবরের পর এই প্রথম জাতীয় দলে ডাক পেয়েছেন ১২৮ ম্যাচ খেলা এই পোস্টার বয়। কিন্তু দলে জায়গা পাওয়ার পরপরই নতুন করে চোটে পড়ায় কোচের সিদ্ধান্ত নিয়ে ফুটবল মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কারণ, ব্রাজিল কোচ আনচেলত্তি আগেই সাফ জানিয়ে দিয়েছিলেন, শতভাগ ফিট খেলোয়াড়দেরই কেবল তিনি বিশ্বকাপ দলে চান। ব্রাজিল দলের কোচিং স্টাফদের মূল দুশ্চিন্তা হলো- এই চোটের কারণে নেইমার বিশ্বকাপের শুরুর দিকের অনুশীলন মিস করবেন কি না। একই সঙ্গে আগামী ৩১ মে মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে তিনি খেলতে পারবেন কি না।
আপাতত দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে সান্তোসের ‘রেই পেলে ট্রেনিং সেন্টারে’ নিজের ব্যক্তিগত চিকিৎসক দলের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়া (রিহ্যাব) চালিয়ে যাচ্ছেন নেইমার।

স্পোর্টস ডেস্ক