বিশ্বকাপ খেলতে কঙ্গোকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের
দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কঙ্গো। বিশ্বকাপে জায়গা করে নেওয়ায় দারুণ উচ্ছ্বসিত তারা। ফুটবলাররাও ক্ষণ গুনছেন বিশ্বমঞ্চে মাঠে নামার। তবে, তার আগে কঠিন পরিস্থিতির মুখেই পড়তে হচ্ছে দেশটির ফুটবলারদের।
২০২৬ ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। কঙ্গোর প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। তবে ওয়াশিংটন কড়া হুঁশিয়ারি করে জানিয়েছে, কঙ্গোর ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হলে ২১ দিন আইসোলেশনে (বিচ্ছিন্ন অবস্থায়) থাকতে হবে।
বিশ্বকাপের জন্য গঠিত হোয়াইট হাউস টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জিউলিয়ানি শুক্রবার (২২ মে) ইএসপিএনকে এ তথ্য জানিয়েছেন।
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে চলতি মাসের শুরুর দিকে ‘বুন্দিবুগিও’ নামক ইবোলার একটি বিরল রূপের প্রাদুর্ভাব দেখা গেছে। সেখানে প্রায় ৬০০টি সন্দেহভাজন ঘটনার মধ্যে ১৩০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। যে কারণে দেশটির ফুটবল দল রাজধানী কিনশাসায় নির্ধারিত প্রস্তুতি ক্যাম্প বাতিল করে বর্তমানে বেলজিয়ামে অবস্থান করছে।
জিউলিয়ানি বলেছেন, ‘আমরা কঙ্গোকে খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে, আগামী ১১ জুন হিউস্টনে আসার আগে তাদের অবশ্যই ২১ দিন তাদের সুরক্ষাবলয়ের মধ্যে থাকতে হবে। অন্যথায় তারা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে না পারার ঝুঁকিতে পড়বে। আমরা এর চেয়ে স্পষ্ট করে আর বলতে পারি না।’
বিশ্বকাপে স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কোনো ধরনের ঝুঁকি নিবে না জানিয়ে জিউলিয়ানি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে, এই সংক্রান্ত কোনো কিছুই যেন আমাদের সীমান্তের ভেতরে বা কাছাকাছি আসতে না পারে।’
যদিও কঙ্গোর ফুটবল দলের অধিকাংশ খেলোয়াড়ই ইউরোপের দেশগুলোতে খেলেন। দলটির প্রধান কোচ সেবাস্তিয়ান দেসাব্রেও কঙ্গোর বাইরে অবস্থান করছেন।
এবারের বিশ্বকাপে ‘কে’ গ্রুপে রয়েছে কঙ্গো। আগামী ১৭ জুন হিউস্টনে পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে। এরপর ২৩ জুন মেক্সিকোর গুয়াদালাজারায় কলম্বিয়ার বিপক্ষে এবং ২৭ জুন আটলান্টায় উজবেকিস্তানের বিপক্ষে তারা মাঠে নামবে তারা।

স্পোর্টস ডেস্ক