জয়ের খোঁজে মাঠে নামছে এশিয়ান জায়ান্ট দ. কোরিয়া
২০২৬ ফুটবল বিশ্বকাপের যাত্রা শুরু হয়েছে। জমকালো আয়োজনে পর্দা উঠেছে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে এশিয়ার জায়ান্ট দক্ষিণ কোরিয়া।
আজ শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় মেক্সিকোর গুয়াদালাজারা স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। খেলাটি বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভি। অনলাইনে দেখা যাবে টফি, বায়োস্কোপ, আইস্ক্রিন, মাই রবি আর মাই এয়ারটেল অ্যাপে।
এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া টানা ১১ বারের মতো বিশ্বমঞ্চে মাঠে নামছে। শক্তি-সামর্থের বিবেচনায় চেকপ্রজাতন্ত্র তাদের চেয়ে অনেকখানিই পিছিয়ে আছে। তবে এয়িশান জায়ান্টদের বড় দুঃশ্চিন্তার কারন ফুটবলারদের চোট। অবশ্য একই সমস্যায় পড়তে হবে চেকপ্রজাতন্ত্রকেও।
চেক প্রজাতন্ত্রের কোচ মিরোস্লাভ কৌবেকের জন্য এখন সবচেয়ে বড় চিন্তার কারণ হলো দলের আক্রমণভাগ সাজানো। দলটির তারকা ফরোয়ার্ড অ্যাডাম হ্যালোজেক সম্প্রতি চোটে থেকে সেরে উঠেছেন।
ফলে মূল স্ট্রাইকার প্যাট্রিক শিকের পেছনে কাকে খেলানো হবে, তা নিয়ে মধুর সমস্যায় পড়েছেন কোচ। তবে হ্যালোজেক ছাড়াও তার হাতে বিকল্প হিসেবে পাভেল সুলচ এবং লুকাস প্রোভোদের মতো নির্ভরযোগ্য তারকা ফুটবলার রয়েছেন।
অন্যদিকে, পায়ের গোড়ালির চোটের কারণে দক্ষিণ কোরিয়ার অন্যতম সেরা উইঙ্গার বে জুনহোর আজকের ম্যাচে খেলা নিয়ে সংশয় রয়েছে। তবে কোরিয়ান ভক্তদের জন্য স্বস্তির খবর হলো, পেশির (কাল্ফ) চোট কাটিয়ে দলের লেফট-ব্যাক লি টে-সক পুরোপুরি সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন।
বিশ্বকাপের উদ্বোধনী দিনে এর আগে কখনো মাঠে নামেনি দক্ষিণ কোরিয়া। তাই ম্যাচটি নিয়ে বেশ রোমাঞ্চিত কোরিয়ান কোচ হং মিউংবো। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। আমি খেলোয়াড়দের সঙ্গে লম্বা সময় নিয়ে কথা বলেছি এবং তারা আমার প্রতিটি কৌশল বুঝতে পেরেছে।’
তিনি বলেন, ‘বিশ্বকাপের উদ্বোধনী দিনে খেলার সুযোগ কোরিয়ার ইতিহাসে এবারই প্রথম। পুরো বিশ্বের চোখ আজ আমাদের ওপর থাকবে। আমি চাই খেলোয়াড়রা কোনো চাপ না নিয়ে এই বড় মঞ্চের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের স্বাভাবিক খেলাটা উপহার দিক।’
দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিন দলের প্রস্তুতি ও খেলোয়াড়দের মানসিক অবস্থা নিয়ে বেশ আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘দলের পরিবেশ শুরু থেকেই চমৎকার। অনুশীলনে আমাদের কোনো সমস্যাই হয়নি। আমি লক্ষ্য করেছি, জাতীয় দলের জার্সিতে মাঠে নামার জন্য আমাদের প্রতিটি খেলোয়াড় কোচের নির্দেশনার চেয়েও বেশি উজার করে দিচ্ছে।’
বিশ্বকাপে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে দুই দল। তাই অতীত পরিসংখ্যানে কাউকে এগিয়ে রাখার সুযোগ নেই।

স্পোর্টস ডেস্ক