চোটে বিশ্বকাপ শেষ, জাতীয় দলকেই বিদায় বললেন জাপান অধিনায়ক
বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল জাপান। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলের অধিনায়ক ও অভিজ্ঞ মিডফিল্ডার ওয়াতারু এন্দো। এই ঘটনার পর আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় জানিয়ে দিয়েছেন ওয়াতারু। ফলে জাপানের জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না তাকে।
বৃহস্পতিবার (১১ জুন) এক বিবৃতিতে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, লিভারপুলের এই ডিফেন্সিভ মিডফিল্ডারের পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে বরুশিয়া মনশেনগ্লাডবাখের স্ট্রাইকার শুতো মাচিনোকে।
৩৩ বছর বয়সী এন্দো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবসরের ঘোষণা দিয়ে জানান, বিশ্বকাপে খেলতে না পারার কষ্ট থাকলেও কোনো আক্ষেপ নেই তার।
এন্দো লিখেছেন, ‘চোট পাওয়ার পর থেকে ফেরার জন্য আমার সাধ্যমতো সবকিছু করেছি। তাই কোনো আফসোস নেই। জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। এখন থেকে একজন সাধারণ সমর্থক হিসেবে জাপানকে সমর্থন করব।’
দীর্ঘ সময় ধরে জাপানের মাঝমাঠের অন্যতম ভরসা ছিলেন এন্দো। নেতৃত্ব, অভিজ্ঞতা এবং রক্ষণাত্মক দৃঢ়তায় দলকে এগিয়ে নেওয়া এই ফুটবলারের বিদায় বিশ্বকাপের আগে বড় ধাক্কা হিসেবেই দেখছেন ফুটবল বিশ্লেষকেরা।
আগামী রোববার (১৪ জুন) নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে জাপান। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ তিউনিসিয়া ও সুইডেন।

স্পোর্টস ডেস্ক