প্রথমার্ধে আক্রমণের লড়াই, গোলের ব্যবধানে এগিয়ে বসনিয়া
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের প্রথমার্ধেই জমে ওঠে কানাডা এবং বসনিয়া ও হার্জেগোভিনার লড়াই। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। একের পর এক আক্রমণ, দ্রুতগতির পাল্টা আক্রমণ আর দর্শকদের উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে টরন্টোর মাঠ।
ম্যাচের ২১তম মিনিটে ডেডলক ভাঙে বসনিয়া ও হার্জেগোভিনা। ডান দিক থেকে নেওয়া কর্নারে সিয়াদ কোলাশিনাকের হেড থেকে বল পেয়ে কাছ থেকে জালে পাঠান জোভো লুকিচ। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলেই বিশ্বকাপের মঞ্চে দলকে এগিয়ে দেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
গোল হজমের আগে অবশ্য এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল কানাডা। ইসমায়েল কোনের নিখুঁত পাসে বক্সের ভেতরে বল পান জোনাথন ডেভিড। কিন্তু তার নেওয়া শট সরাসরি গোলরক্ষক নিকোলা ভাসিলজের হাতে চলে যায়। সেই সুযোগ নষ্টের মাশুল গুনতেই কিছুক্ষণ পর পিছিয়ে পড়ে স্বাগতিকরা।
প্রথমার্ধে সেট-পিস রক্ষণে দুর্বলতা দেখিয়েছে কানাডা, আর সেই সুযোগ কাজে লাগিয়ে বসনিয়া তুলে নেয় মূল্যবান গোলটি। তবে পিছিয়ে পড়ার পরও লড়াই চালিয়ে যায় স্বাগতিকরা। আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক প্রথমার্ধ শেষে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেল বসনিয়া ও হার্জেগোভিনা।

স্পোর্টস ডেস্ক