জোড়া গোলে এগিয়ে নেদারল্যান্ডস, জমে উঠেছে সমীকরণ
বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এর শেষ ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে দারুণ সূচনা করেছে নেদারল্যান্ডস। প্রথমার্ধের শুরুতেই জোড়া গোলে এগিয়ে গেছে রোনাল্ড কোমানের দল। তিউনিসিয়ার আত্মঘাতী গোলের পর গোল করেছেন ব্রায়ান ব্রবি। এই মুহূর্তে এই ফল ধরে রাখতে পারলে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার পাশাপাশি গ্রুপের অবস্থানেও বড় সুবিধা পাবে ডাচরা।
ম্যাচের শুরু থেকেই বলের দখল নিয়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেদারল্যান্ডস। উইং দিয়ে একের পর এক আক্রমণ গড়ে তিউনিসিয়ার রক্ষণে চাপ সৃষ্টি করে তারা। সেই চাপেরই ফল আসে তৃতীয় মিনিটেই। আত্মঘাতী গোল করেন এলিয়েস সখিরি। এর চার মিনিট পরই ব্যবধান বাড়ান ব্রায়ান ব্রবি। দুর্দান্ত আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।
গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় তিউনিসিয়া। মাঝমাঠে কিছুটা নিয়ন্ত্রণ ফেরালেও ডাচ রক্ষণ ভাঙার মতো পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি তারা। অন্যদিকে পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ানোর সুযোগ খুঁজে যাচ্ছে নেদারল্যান্ডস।
এই ম্যাচের ফল শুধু নেদারল্যান্ডসের জন্যই নয়, ব্রাজিলের জন্যও গুরুত্বপূর্ণ। গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ ৩২-এ কার্লো আনচেলত্তির দলের প্রতিপক্ষ হবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ। ফলে তিউনিসিয়া-নেদারল্যান্ডস এবং জাপান-সুইডেন, দুই ম্যাচের দিকেই নজর রয়েছে ব্রাজিল শিবিরের।

স্পোর্টস ডেস্ক