একচ্ছত্র আধিপত্যে প্রথমার্ধে বড় লিড যুক্তরাষ্ট্রের
দুই দলের শক্তি-সামর্থের বিচারে অনেকটাই এগিয়ে যুক্তরাষ্ট্র। তবে বাছাইপর্বে পারফরম্যান্সে আলোচনায় এসেছিল প্যারাগুয়ে। মাঠের খেলায় অবশ্য সেটি দেখাতে পারল না তারা। একচ্ছত্র আধিপত্য দেখালো স্বাগতিক যুক্তরাষ্ট্র। দারুণ পারফরম্যান্সে এগিয়ে থেকে বিরতিতে গেল তারা।
আজ শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছে স্বাগতিকরা। প্রথমার্ধ শেষে ৩-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। গতিময় ফুটবলে কাঁপিয়ে দিচ্ছিল প্যারাগুয়ের ডিফেন্স। ফলাফল পেতেও সময় লাগেনি তাদের। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় তারা। স্বাগতিকদের দুর্দান্ত এক আক্রমণ ঠেকাতে গিয়ে ম্যাচের নিজেদের জালেই বল জড়ান প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া।
গোল পেয়ে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। একের পর এক ভীতি ছড়াতে থাকে প্যারাগুয়ের ডিফেন্স। ম্যাচের ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ফোলারিন বালোগান। ক্রিশ্চিয়ান পুলিসিকের পাস থেকে বক্সের মধ্যে বল পান বালোগান। ডান পায়ের দারুণ নিচু শটে বল জালে জড়ান তিনি।
এরপর আরো একবার প্যারাগুয়ের জালে বল জড়িয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সেটি কাটা পড়ে অফসাইডের জালে। তবে যোগ করা সময়ের শেষ মিনিটে আবারও জাল খুঁজে নেয় যুক্তরাষ্ট্র।
মাঝমাঠ থেকে বাড়ানো বল খুঁজে নিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েন বালোগান। সামনে থাকা ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দেন তিনি। পূরণ করেন নিজের দ্বিতীয় গোল।
ব্যবধান আরো বাড়তে পারত। কিন্তু মাঝে দারুণ কয়েকটি সেভে ব্যবধান বাড়তে দেননি প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।

স্পোর্টস ডেস্ক