শীর্ষে ওঠার লড়াইয়ে মুখোমুখি সুইজারল্যান্ড ও কাতার
শক্তি-সামর্থে এশিয়ার দেশ কাতারের চেয়ে অনেক এগিয়ে সুইজারল্যান্ড। এ নিয়ে ১২ বার বিশ্বমঞ্চে নামছে সুইসরা। অন্যদিকে, গত বিশ্বকাপে স্বাগতিক দেশ হিসেবে খেললেও এবারের বিশ্বকাপে বাছাইপর্ব পেরিয়ে এসেছে কাতার। তেবে ‘আন্ডারডগ’ হিসেবে চমক দিতেই মাঠে নামবে তারা।
বাংলাদেশ সময় আজ শনিবার (১৩ জুন) দিনগত রাত ১টায় ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে কাতার ও সুইজারল্যান্ড। সান্তা ক্লারার লেভাইস স্টেডিয়ামে হবে ম্যাচটি। বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি-স্পোর্টস আর সময় টিভি। অনলাইনে দেখা যাবে টফি, বায়োস্কোপ, আই-স্ক্রিণ, মাই রবি আর মাই এয়ারটেল অ্যাপে।
গ্রুপের অন্য ম্যাচে কানাডা ও বসনিয়া-হারজেগোভিনার ড্র হওয়ায় দুই দলের সামনেই রয়েছে শীর্ষে ওঠার সুযোগ। তাই শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল দেখা যেতে পারে এই লড়াইয়ে।
এশিয়ার প্রতিনিধি কাতার নির্ভর করছে আক্রম আফিফ ও হাসান আল-হাইদোসের অভিজ্ঞতার ওপর। অন্যদিকে ইউরোপের শক্তিশালী দল সুইজারল্যান্ডের ভরসা গ্রানিত জাকা, ম্যানুয়েল আকাঞ্জি ও ব্রিল এমবোলো।
কাগজে-কলমে এগিয়ে সুইসরা। ফিফা র্যাংকিংয়ে এশিয়ান দেশটি আছে ৫৬তম স্থানে। অন্যদিকে, ইউরোপের দেশ সুইজারল্যান্ড আছে ১৯ নম্বরে। তবে বিশ্বকাপের মঞ্চে চমক দেখানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে কাতার।
এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করতে মরিয়া দুই দলই। ফলে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
দুই দলের সম্ভাব্য একাদশ
কাতার : মেশাল বারশাম, পেদ্রো মিগেল, লুকাস মেন্দেস, বুয়ালেম খুখি, হোমাম আহমেদ, আসিম মাদিবো, মোস্তাফা তারেক, হাসান আল-হাইদোস, আবদুলআজিজ হাতেম, আহমেদ আলগানেহি, আক্রম আফিফ।
সুইজারল্যান্ড : ইয়ান সোমার, সিলভান ভিডমার, ম্যানুয়েল আকাঞ্জি, ফ্যাবিয়ান শার, রিকার্দো রদ্রিগেজ, গ্রানিত জাকা, রেমো ফ্রয়েলার, ড্যান এনদোয়, জেরদান শাকিরি, রুবিন ভারগাস, ব্রিল এমবোলো।

স্পোর্টস ডেস্ক