আনচেলত্তির মন্তব্যের জবাব দিলেন স্কালোনি
ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনা আর ব্রাজিল। দুই দলের মুখোমুখি লড়াই তো বটেই, এর বাইরেও আলোচনা, তর্ক-বিতর্ক চলে এই দুই দলকে নিয়ে। এবারের বিশ্বকাপে দুই গ্রুপে খেলছে দুই দল। তবুও তাদের ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। সাম্প্রতিক সময়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির একটি মন্তব্য ঘিরে ফুটবল বিশ্বে বেশ আলোচনার জন্ম হয়েছিল, যার জবাব দিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে আসর শুরু করে আর্জেন্টিনা। সেই ম্যাচের পারফরম্যান্স দেখে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি মন্তব্য করেছিলেন, ‘আলবিসেলেস্তেদের খেলায় তীব্রতার (ইনটেনসিটি) কিছুটা ঘাটতি আছে।’
আরো পড়ুন : পরিসংখ্যানে কারা এগিয়ে, আর্জেন্টিনা নাকি অস্ট্রিয়া?
যদিও তিনি পরে আর্জেন্টিনার খেলার নিয়ন্ত্রণ ক্ষমতার প্রশংসা করেছিলেন এবং দাবি করেছিলেন যে, কোনো একক তারকা নয়, এবার দলীয় ফুটবলই বিশ্বকাপ নির্ধারণ করে দেবে।
আজ সোমবার (২২ জুন) রাতে অস্ট্রিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তির সেই মন্তব্য নিয়ে মুখোমুখি হন স্কালোনি। তবে কোনো বিতর্কে না গিয়ে বেশ কৌশলী ও শান্ত জবাব দিয়েছেন তিনি।
আরো পড়ুন : নকআউট পর্বে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ কারা
স্কালোনি বলেন, ‘আনচেলত্তি কী বোঝাতে চেয়েছেন, তা আমি বুঝতে পেরেছি। তিনি কথাটি ইতিবাচক অর্থেই বলেছেন। আসলে সমস্যা হলো, তিনি যখন কথা বলেন, তখন স্প্যানিশ, ইতালিয়ান আর পর্তুগিজ ভাষার এক অদ্ভুত মিশ্রণ তৈরি হয়। তিনি যদি তার মাতৃভাষায় কথা বলতেন, তবে হয়তো আমরা সবাই আরও ভালোভাবে বুঝতে পারতাম।’
আর্জেন্টাইন কোচ আরও যোগ করেন, ‘আমি তার মন্তব্যটিকে সমালোচনা হিসেবে দেখছি না, বরং এটি একটি প্রশংসা। এ নিয়ে আমার মনে কোনো সন্দেহই নেই।’
আরো পড়ুন : মাঠে নামছে আর্জেন্টিনা, অনলাইনে যেভাবে খেলা দেখবেন
এ সময় বর্তমান বিশ্বকাপের খেলার ধরণ নিয়েও নিজের বিশ্লেষণ তুলে ধরেন স্কালোনি। তীব্রতা বা ইনটেনসিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘তীব্রতা বলতে আমরা আসলে কী বুঝি, সেটা আগে দেখা দরকার। বর্তমান এই বিশ্বকাপে প্রচণ্ড গরম আর খেলোয়াড়দের ফিটনেসের কথা মাথায় রেখে সব দলই খুব বেশি হাই-প্রেসিং ফুটবল খেলছে না। এখন সব দলের মূল লক্ষ্য থাকে মিডফিল্ডে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখা।’
স্কালোনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আমরা দেখছি যে, তিন ফরোয়ার্ড নিয়ে খেলা দল যেমন জিতছে, রক্ষণাত্মক কৌশলে খেলা দলও সফল হচ্ছে। আমার মনে হয়, বিশ্বকাপ বিশ্লেষণ করার সময় এখনো আসেনি। তবে বড় দলগুলো যে নিজেদের জায়গা করে নেবে, সে ব্যাপারে আমি নিশ্চিত।’

স্পোর্টস ডেস্ক