গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণে ইউরোপ-আমেরিকা দ্বৈরথ
ইউরোপের শক্তিশালী পর্তুগাল ও দক্ষিণ আমেরিকার প্রতিভাবান কলম্বিয়ার মধ্যে লড়াই মানেই টেকনিক, গতি এবং কৌশলের এক দারুণ দ্বৈরথ। এর সঙ্গে এবার যোগ হয়েছে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য। সবমিলিয়ে পর্তুগাল-কলম্বিয়ার লড়াইটা এবার নতুন জায়গা করে নিয়েছে।
রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ‘কে’ গ্রুপের শেষ ম্যাচে এই দুই দল মুখোমুখি হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের লক্ষ্যে।
এই ম্যাচে দুই দলের জন্যই লক্ষ্য একটাই— গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। পর্তুগাল প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে ১-১ ড্র করলেও দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়ে ফর্মে ফিরেছে। সেই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো জোড়া গোল করে আবারও প্রমাণ করেছেন, ৪১ বছর বয়সেও তিনি বড় মঞ্চে কতটা কার্যকর। ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়া ও জোয়াও নেভেস মাঝমাঠে পর্তুগালের খেলার গতি ও নিয়ন্ত্রণ ধরে রাখছেন।
পর্তুগালের সবচেয়ে বড় শক্তি তাদের বল দখলভিত্তিক (পজেশন) ফুটবল। তারা দীর্ঘ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে ধীরে ধীরে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার চেষ্টা করে। ব্রুনো ফার্নান্দেসের পাসিং ভিশন, ভিতিনিয়ার টেম্পো নিয়ন্ত্রণ এবং নেভেসের দারুণ ফর্ম তাদের মিডফিল্ডকে ভারসাম্যপূর্ণ করেছে। আক্রমণে বার্নার্দো সিলভা ও রাফায়েল লেয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, আর রোনালদো সবসময়ই ফিনিশিংয়ে বড় হুমকি।
অন্যদিকে, কলম্বিয়া টুর্নামেন্টে এখন পর্যন্ত খুবই সংগঠিত ও আত্মবিশ্বাসী ফুটবল খেলছে। তারা উজবেকিস্তানকে ৩-১ এবং কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে। নেস্টর লরেঞ্জোর দল মূলত শক্ত রক্ষণ, শৃঙ্খলা এবং দ্রুত কাউন্টার অ্যাটাকের ওপর নির্ভর করে।
কলম্বিয়ার সবচেয়ে বড় শক্তি তাদের গতি নির্ভর আক্রমণ। লুইস দিয়াজ প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে এককভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। হামেস রদ্রিগেজ মাঝমাঠ থেকে খেলা তৈরি করেন এবং শেষ পাসে পার্থক্য গড়ে দেন। ড্যানিয়েল মুনোজ আক্রমণে অতিরিক্ত গতি ও চাপ তৈরি করেন।
রক্ষণভাগেও কলম্বিয়া বেশ শক্তিশালী, দাভিনসন সানচেজ ও জহন লুকুমির জুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা ডিফেন্সিভ ডিসিপ্লিন ধরে রেখে প্রতিপক্ষকে সুযোগ কম দেয়। এই ম্যাচে মূল লড়াই হবে মাঝমাঠের দখল ও ট্রানজিশনের গতিতে। পর্তুগাল বল দখল করে ম্যাচ নিয়ন্ত্রণ করতে চাইবে। আর কলম্বিয়া সুযোগ পেলেই দ্রুত কাউন্টার অ্যাটাকে আঘাত হানবে।
সমীকরণের দিক থেকে কলম্বিয়ার সুবিধা হলো তারা ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। অন্যদিকে, পর্তুগালকে জিততেই হবে। তাই তারা শুরু থেকেই আক্রমণাত্মক খেলবে।
সবমিলিয়ে এটি একটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ, যেখানে ইউরোপের টেকনিক বনাম দক্ষিণ আমেরিকার গতি ও কাউন্টার অ্যাটাকের লড়াই দেখা যাবে।
দুই দলের সম্ভাব্য একাদশ
পর্তুগাল : দিয়োগো কস্তা, জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গনসালো ইনাসিও, নুনো মেন্ডেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, রাফায়েল লেয়াও।
কলম্বিয়া : কামিলো ভার্গাস, ড্যানিয়েল মুনোজ, দাভিনসন সানচেজ, জহন লুকুমি, জোহান মজিকা, জেফারসন লেরমা, রিচার্ড রিওস, জহন আরিয়াস, হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজ, জহন কর্দোবা।

স্পোর্টস ডেস্ক