জর্ডানের বিপক্ষে কোন একাদশ খেলাবেন স্কালোনি?
বিশ্বকাপের ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে থাকছেন না অধিনায়ক লিওনেল মেসি। গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত হওয়ায় বাংলাদেশ সময় রোববার (২৮ জুন) সকাল ৮টায় অনুষ্ঠিতব্য এই ম্যাচে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তবে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামতে পারেন বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
ম্যাচের আগে স্কালোনি বলেন, ‘লিও (মেসি) সম্ভবত দ্বিতীয়ার্ধে খেলবে। আমরা আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। এতে সে বিশ্রামও পাবে, আবার প্রতিযোগিতামূলক ছন্দও ধরে রাখতে পারবে।’
জর্ডানকে সমীহ করে স্কালোনি বলেন, ‘জর্ডান ভালো দল এবং আর্জেন্টিনার লক্ষ্য থাকবে বলের দখল ধরে রেখে ম্যাচ নিয়ন্ত্রণ করা।’
বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন ৩৯ বছর বয়সী মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এর আগে আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে হ্যাটট্রিক করে টুর্নামেন্টে নিজের দুর্দান্ত শুরুটা জানান দেন।
আগেই ‘জে;’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাই মেসির পাশাপাশি আরও কয়েকজন নিয়মিত খেলোয়াড়কেও বিশ্রাম দেওয়া হতে পারে। আগামী ৩ জুলাই শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো, জুলিয়ানো সিমেওনে, লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, নিকো পাস, হুলিয়ান আলভারেজ।

স্পোর্টস ডেস্ক