জর্ডানের বিপক্ষে গোল করেই বিশ্বরেকর্ড মেসির
লিওনেল মেসি মাঠে নামবেন আর নতুন কোনো রেকর্ড গড়বেন না, এমন ঘটনা যেন এখন কল্পনাই করা যায় না। ফিফা ২০২৬ বিশ্বকাপেও একের পর এক ইতিহাস লিখে চলেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুরুর একাদশে ছিলেন না মেসি। দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। এরপর বেশি সময় অপেক্ষা করতে হয়নি। দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
এই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে টানা সাত ম্যাচে গোল করার অনন্য এক বিশ্বরেকর্ড গড়েছেন মেসি। এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করার কীর্তিতে ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জাইরজিনহোকে (১৯৭০) স্পর্শ করেছিলেন তিনি। এবার জর্ডানের বিপক্ষে গোল করে সেই রেকর্ড ভেঙে এককভাবে শীর্ষে উঠে গেলেন আর্জেন্টাইন মহাতারকা।
চলমান বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল। এর আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। জর্ডানের বিপক্ষে ফ্রি-কিক থেকে করা গোলটি তার গোলসংখ্যাকে নিয়ে গেছে ছয়ে।
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড আগেই নিজের করে নিয়েছিলেন মেসি। এবার টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল করে সেই কীর্তির সঙ্গে যোগ করলেন আরেকটি অনন্য বিশ্বরেকর্ড।

স্পোর্টস ডেস্ক