আর্জেন্টিনা কয় গোলে হারবে, বললেন কেপ ভার্দের প্রেসিডেন্ট
বিশ্বকাপে প্রথম অংশগ্রহণেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে কেপ ভার্দে। শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে দারুণ লড়াই করে নকআউট পর্বে জায়গা করে নেওয়া দলটি এবার মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। তবে প্রতিপক্ষ যতই কঠিন হোক, কেপ ভার্দের শিবিরে আত্মবিশ্বাসের কোনো ঘাটতি নেই।
দেশটির প্রেসিডেন্ট জোস মারিয়া নেভেস মনে করেন, আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ার সামর্থ্য তাদের রয়েছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তার বিশ্বাস কেপ ভার্দে ১-০ ব্যবধানে জয় তুলে নিতে পারে।
নেভেস বলেন, ‘আমরা জয়ের জন্যই খেলতে নামব। যখন কোনো দলের প্রতি প্রত্যাশা কম থাকে, কিন্তু সেই দলের জয়ের তীব্র আকাঙ্ক্ষা থাকে, তখন অনেক কিছুই সম্ভব। কেপ ভার্দের মতো ছোট একটি দেশের সবসময় মানুষকে চমকে দেওয়ার চেষ্টা করা উচিত। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের জয়ের সম্ভাবনা আছে।’
নেভেস যোগ করেন, ‘আমরা এই বিশ্বকাপে নিজেদের ভাগ্য নিজেরা লিখতে এসেছি। এখন আমাদের সামনে চ্যাম্পিয়নদের মোকাবিলা করার সুযোগ এসেছে। তাই একই দৃঢ়তা, একই মানসিকতা এবং জয়ের লক্ষ্য নিয়েই আমরা আর্জেন্টিনা ও মেসিদের বিপক্ষে মাঠে নামব। আমাদের লক্ষ্য একটাই, পরের রাউন্ডে ওঠা।’
বিশ্বকাপের গ্রুপপর্বে কেপ ভার্দে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো প্রতিপক্ষের বিপক্ষে পয়েন্ট আদায় করে তারা শেষ ষোলো নিশ্চিত করে। একই সময়ে উরুগুয়ের হারে তাদের নকআউটে ওঠার পথ আরও সহজ হয়ে যায়।
অন্যদিকে দুর্দান্ত ফর্মে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপপর্বে প্রতিটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসের সঙ্গে নকআউটে উঠেছে শিরোপাধারীরা। কাগজে-কলমে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে নিয়ে ভীত নন নেভেস।

স্পোর্টস ডেস্ক