কেন ক্ষমা চাইলেন ভিনিসিয়াস?
বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙেছে শেষ ষোলোতে। সেই হতাশা এখনও তাড়া করে ফিরছে ভিনিসিয়াস জুনিয়রকে। নরওয়ের কাছে বিদায়ের কয়েক দিন পর ব্রাজিলের সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে আবেগঘন বার্তা দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড। একই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন, একদিন আবারও ব্রাজিলকে শীর্ষে ফিরিয়ে আনতে নিজের সর্বস্ব উজাড় করে দেবেন।
কার্লো আনচেলত্তির দল শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। ম্যাচে জোড়া গোল করেন আর্লিং হালান্ড। পুরো আসরজুড়েই চোটে বিপর্যস্ত ছিল ব্রাজিল। রদ্রিগো ও এস্তেভাও বিশ্বকাপ খেলতে পারেননি। অন্যদিকে রাফিনিয়া ও লুকাস পাকেতা টুর্নামেন্ট চলাকালীন চোটে পড়েন। ফলে আক্রমণভাগের বড় দায়িত্ব এসে পড়ে ভিনিসিয়াসের কাঁধে।
চাপের মধ্যেও দারুণ পারফরম্যান্স উপহার দেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। পাঁচ ম্যাচে চার গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেন তিনি। তবে নরওয়ের বিপক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে জয়ের পথে নিতে পারেননি। কয়েক দিন নীরব থাকার পর ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করেন ভিনিসিয়াস।
ভিনি লেখেন, ‘জাতীয় দলের জার্সি গায়ে চাপানোই আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। এই টুর্নামেন্টের জন্য আমি সর্বোচ্চ পরিশ্রম করেছি। সর্বোচ্চ মনোযোগ দিয়েছি।’
‘আমাদের এমন একটি দল ছিল, যারা আরও অনেক দূর যেতে পারত। কিন্তু আমরা পারিনি। এজন্য আমি সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। আবারও বিশ্বের সেরা হওয়ার স্বপ্ন পূরণে আমি লড়াই চালিয়ে যাব’— যোগ করেন ভিনি।
বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পরও অবশ্য কোচ কার্লো আনচেলত্তির ওপর আস্থা রাখছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। জাতীয় দলের সমন্বয়ক রদ্রিগো কায়েতানো জানিয়েছেন, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তিকে দায়িত্বে রেখে প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে দলকে আরও শক্তিশালী করে তোলাই তাদের পরিকল্পনা।

স্পোর্টস ডেস্ক