দলকে উজ্জীবিত করতে সিজারের বাণী দিলেন স্পেন কোচ
ফাইনাল থেকে এক পা দূরে স্পেন। সেমিফাইনালে ফ্রান্সের বাধা পার করতে পারলেই ফাইনাল। আজ মঙ্গলবার (১৪ জুলাই) দিনগত রাত ১টায় বিশ্বকাপের প্রথম সেমিতে মুখোমুখ হবে স্পেন-ফ্রান্স। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের মানসিকতা ও প্রস্তুতি নিয়ে কথা বলেছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। রোমান ইতিহাসের প্রতি নিজের আগ্রহের কথা জানিয়ে তিনি উদ্ধৃত করেন জুলিয়াস সিজারের বিখ্যাত বাণী।
লা ফুয়েন্তে বলেন, ‘ইতিহাসের অন্যতম সেরা বিজয়ী জুলিয়াস সিজার একবার বলেছিলেন কষ্ট ও ত্যাগ ছাড়া কোনো বড় অর্জন সম্ভব নয়। রোমান সাম্রাজ্যের প্রতি আমার মুগ্ধতা থেকে আমি সিজারের এই কথাটি মনেপ্রাণে বিশ্বাস করি। এটি আমার অন্যতম প্রিয় একটি উক্তি যা আমি আমার খেলোয়াড়দেরও মেনে চলতে বলি। আমরা যেকোনো ত্যাগ স্বীকার করতে এবং মাঠে লড়াই করতে পুরোপুরি প্রস্তুত।’
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছে ফ্রান্স। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ৮ গোল ও ৩ অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে। ওসমান দেম্বেলেও আছেন দারুণ ছন্দে, করেছেন হ্যাটট্রিক। পাশাপাশি মাইকেল ওলিসে ও ব্র্যাডলি বারকোলার পারফরম্যান্স ফ্রান্সকে করেছে শক্তিশালী।
ফ্রান্সকে ফেভারিট ভাবা নিয়ে অবশ্য দ্বিমত পোষণ করেছেন স্প্যানিশ কোচ। তিনি বলেন, ‘শুরু থেকেই আমি বলে আসছি, কে ফেভারিট আর কে নয়, তা দিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় না। মাঠের লড়াইয়ে দুটি জায়ান্ট দল মুখোমুখি হচ্ছে। এখানে ফেভারিট বা বাড়তি চাপের কিছু নেই। দেশের প্রতিনিধিত্ব করার দায়িত্বটুকুই আমাদের আসল চাপ।’
চাপ সামলে খেলা উপভোগ করার ওপর জোর দিয়ে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমি আমার কাজকে ভালোবাসি, ফুটবলই আমার ধ্যানজ্ঞান। এতদিন টিভির পর্দায় যেসব বিশ্বকাপ ম্যাচ দেখতাম, আজ সেখানে আমরাই মূল চরিত্র। দায়িত্ববোধের চাপ যেন আমাদের কাবু করতে না পারে, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

স্পোর্টস ডেস্ক