ব্রাজিল তারকা কাফুর রেকর্ডে ভাগ বসালেন মেসি
বিশ্বকাপের মঞ্চে ইতিহাসের একই পাতায় দুই কিংবদন্তি। একজন ব্রাজিলের কাফু, অন্যজন আর্জেন্টিনার লিওনেল মেসি। সময়ের ব্যবধান ৩২ বছরের। তবে কীর্তি একই— তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলার বিরল অর্জন।
১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপের ফাইনালে পা রেখে যে ইতিহাস গড়েছিলেন কাফু, এবার ২০১৪, ২০২২ ও ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠে সেই কীর্তির পাশে নিজের নাম লিখিয়েছেন মেসি।
১৯৯৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবার বিশ্বকাপ ফাইনালের মঞ্চে উঠেছিলেন কাফু। ইতালির বিপক্ষে সেই ম্যাচ নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে গোলশূন্য ছিল। টাইব্রেকারে জয় পেয়ে চতুর্থবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় ব্রাজিল।
এরপর ১৯৯৮ বিশ্বকাপে আবারও ফাইনালে ওঠে ব্রাজিল। ফ্রান্সের বিপক্ষে সেই ম্যাচে কাফুর দল শিরোপার লড়াইয়ে হার মানে। তবে চার বছর পর ২০০২ বিশ্বকাপে আবারও বিশ্বকাপ জয়ের স্বাদ পান তিনি।
দক্ষিণ কোরিয়া ও জাপানে অনুষ্ঠিত ২০০২ বিশ্বকাপের ফাইনালে জার্মানিকে হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় ব্রাজিল। সেই আসরে দলের অধিনায়ক ছিলেন কাফু। বিশ্বকাপ ট্রফি হাতে তুলে নিয়ে নিজের ক্যারিয়ারকে স্মরণীয় করে রাখেন এই কিংবদন্তি রাইটব্যাক।
অন্যদিকে, লিওনেল মেসির প্রথম বিশ্বকাপ ফাইনাল আসে ২০১৪ সালে। ব্রাজিল বিশ্বকাপে জার্মানির বিপক্ষে শিরোপার লড়াইয়ে নেমেছিল আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে পারেনি। তবে অতিরিক্ত সময়ে মারিও গোটশের গোলে জয় পায় জার্মানি। সেবার ব্যক্তিগতভাবে দুর্দান্ত খেললেও বিশ্বকাপ ট্রফি ছুঁতে পারেননি মেসি।
আট বছর পর কাতার বিশ্বকাপে আবারও ফাইনালে ওঠে আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে এক রোমাঞ্চকর ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ ছিল ৩-৩ সমতায়। এরপর টাইব্রেকারে জয় পেয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। অধিনায়ক হিসেবে ট্রফি হাতে তুলে নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেন মেসি।
২০২৬ বিশ্বকাপেও মেসির নেতৃত্বে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ২-১ গোলের জয়ের পর শিরোপার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। এর মাধ্যমে কাফুর মতোই তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলার বিরল কীর্তির মালিক হয়েছেন মেসি।
কাফু তিনটি বিশ্বকাপ ফাইনালের মধ্যে দুটি শিরোপা জিতেছেন। মেসির হাতে এখন একটি বিশ্বকাপ ট্রফি। মেসির সামনেও আছে সেই সুযোগ। ফাইনালে স্পেনকে হারাতে পারলে তিনিও জিতবেন দুইটি ট্রফি।

স্পোর্টস ডেস্ক