ফাইনালের আগের দিন ধাক্কা খেল স্পেন
১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। শিরোপার লড়াইয়ের প্রতিপক্ষও চূড়ান্ত। লড়তে হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। এর আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে আজ অনুশীলন করার কথা ছিল স্পেনের। কিন্তু সেই পরিকল্পনায় সবড় ধাক্কা খেতে হয়েছে স্প্যানিশদের।
সূচি অনুযায়ী, আজ শনিবার (১৮ জুলাই) শেষদিনের অনুশীলন করার কথা ছিল স্পেনের। কিন্তু প্রকৃতি স্প্যানিশদের সেই পরিকল্পনায় বাগড়া দিয়েছে। বজ্রপাতের কারণে শেষ দিনের অনুশীলন বাতিল করতে বাধ্য হয়েছে স্পেন দল।
নিউ জার্সির হুইপ্যানিতে স্থানীয় সময় সকাল ১১টায় অনুশীলনে নামার কথা ছিল লা রোহাদের। কিন্তু মাঠের পরিস্থিতির ওপর নজর রাখা কর্মকর্তারা জানান, অনুশীলনস্থলের আট মাইলের মধ্যে বজ্রপাতের সংকেত পাওয়ায় নিরাপত্তার স্বার্থে সব ধরনের কার্যক্রম স্থগিত রাখা হয়।
নিয়ম অনুযায়ী, এমন বৈরী আবহাওয়া থাকলে প্রতি ৩০ মিনিট পরপর পরিস্থিতি মূল্যায়ন করা হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত পুরো সেশনটিই বাতিলের সিদ্ধান্ত নিতে হয়।
নিরাপত্তার খাতিরে মাঠের ভেতরে থাকা সংবাদকর্মীদেরও দ্রুত ভবনের ভেতরে সরে যেতে বলা হয়। মূলত টুর্নামেন্টজুড়ে বজ্রঝড় নিয়ে যে কঠোর নিরাপত্তা নীতিমালা অনুসরণ করা হচ্ছে, তার কারণেই অনুশীলনে এই বিপত্তি। এর আগে এবারের বিশ্বকাপে এই একই নিয়মের কারণে বেশ কয়েকটি ম্যাচের সূচিতেও পরিবর্তন আনতে হয়েছিল।
আগামীকাল রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে স্পেন। ফাইনালের ঠিক আগের দিনে এমন অনুশীলনে বাধা পাওয়াটা স্প্যানিশ শিবিরের জন্য কিছুটা হলেও অস্বস্তির কারণ।

স্পোর্টস ডেস্ক