সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী, শিরোপা জিতবে কারা?
অপেক্ষার পালা ফুরোতে চললো, আর মাত্র কয়েক ঘণ্টা পরই মাঠে গড়াবে ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের মেগা ফাইনাল। ১৬ বছর পর শিরোপা জয়ের লক্ষ্য স্পেনের আর বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চায় টানা দ্বিতীয় শিরোপা।
আজ রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দনিগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের পরাশক্তি স্পেন আর দক্ষিণ আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনা।
শিরোপার লড়াই শেষে কারা হাসবে শেষ হাসি সেটি নিয়েই চলছে জল্পনা-কল্পনা। টুর্নামেন্টের শুরু থেকেই বিভিন্ন ম্যাচের ভবিষ্যদ্বাণী দিয়ে আসছে ‘দ্য অ্যানালিস্ট’ এর অপ্টা সুপারকম্পিউটার। এবার ফাইনাল ম্যাচেরও ভবিষ্যদ্বাণী করল সুপারকম্পিউটার।
পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার ২৫ হাজার বার সিমুলেশন করা পর জানিয়েছে, শিরোপা জয়ের দৌড়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে এগিয়ে আছে স্পেন।
অপ্টার পরিসংখ্যান বলছে, নির্ধারিত ৯০ মিনিটে স্পেনের জয়েল সম্ভাবনা ৪৫ শতাংশ। বিপরীতে, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ২৬ শতাংশ। আর ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে যাওয়ার সম্ভাবনা ২৯ শতাংশ। সবমিলিয়েও স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা ৫৯.৬ শতাংশ। যেখানে আর্জেন্টিনার সম্ভাবনা ৪০.৪ শতাংশ।
তবে পরিসংখ্যান যতই স্পেনের পক্ষে থাকুক, লিওনেল মেসির আর্জেন্টিনার লড়াই করার মানসিকতা কোনোভাবেই উড়িয়ে দেওয়ার উপায় নেই। ইতিহাসে সপ্তম বারের মতো বিশ্বকাপের ফাইনালে নামছে আর্জেন্টিনা। কাতার ২০২২-এর পর এবারও জিতলে ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়বেন মেসিরা। অন্যদিকে, স্পেনের রয়েছে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার দুর্দান্ত আত্মবিশ্বাস।
কাগজে-কলমে স্পেন এগিয়ে থাকলেও বিশ্বকাপের ফাইনালের মঞ্চে পরিসংখ্যানই সব নয়। শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্স আর স্নায়ুর লড়াইয়ে যারা বাজিমাত করতে পারে তাদের হাতেই ওঠে শিরোপা।

স্পোর্টস ডেস্ক