অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে বাংলাদেশের মেয়েরা
জুনিয়র হকি এশিয়া কাপের চ্যালেঞ্জার পুলে রীতিমতো উড়ছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে চার ম্যাচ খেলে সবগুলোতেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে হংকংকে হংকংকে বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এর আগে চাইনিজ তাইপে, পাকিস্তান ও কাজাখস্তানকে হারানোর পর আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। এই জয়ে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখল লাল-সবুজের প্রতিনিধিরা।
চীনের ইনার মঙ্গোলিয়ার মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত আজকের ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশ। দলের পক্ষে প্রথম গোলটি আসে অধিনায়ক সারিকা রিমনের কাছ থেকে। এরপর আইরিন রিয়া ও মোসাম্মত রিমা দুর্দান্ত দুটি করে গোল করে ব্যবধান বাড়ান। আর বাকি একটি গোল করেন কনা আক্তার।
ম্যাচের প্রথম গোলটি পেনাল্টি কর্নার থেকে এলেও বাকি পাঁচটি গোলই এসেছে চমৎকার ফিল্ড-প্লে থেকে। দলের জয়ে দারুণ অবদান রাখায় ম্যাচসেরার পুরস্কার উঠেছে কনা আক্তারের হাতে।
১০ দলের এই প্রতিযোগিতায় মূলত চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশ ছাড়াও এই পুল থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে কাজাখস্তান ও পাকিস্তান।
এদিকে এলিট পুলের শক্তিশালী পাঁচ দল—স্বাগতিক চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান ও মালয়েশিয়া। তাদের সঙ্গে চ্যালেঞ্জার পুলের সেরা তিন দল নিয়ে এবার কোয়ার্টার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে। আগামীকাল কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে এলিট পুলের শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া অথবা জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ।
গ্রুপ পর্বের বৈতরণী অনায়াসে পার হলেও কোয়ার্টার ফাইনালের কঠিন লড়াইয়ের আগে দলের পেনাল্টি কর্নারের দুর্বলতা নিয়ে কাজ করতে চান কোচ জাহিদ হোসেন।
হংকংকে বড় ব্যবধানে হারানোর পর তিনি বলেন, ‘এই জয়ে আমরা সবাই খুশি। তবে পেনাল্টি কর্নার কাজে লাগানোর ক্ষেত্রে আমাদের আরও একটু মনযোগী হতে হবে। কোয়ার্টার ফাইনালে আমরা এমন দুর্বল প্রতিপক্ষ পাবো না। তাই পেনাল্টি কর্নারে যে ছোটখাটো ভুলগুলো হয়েছে, তা নিয়ে আমরা দ্রুত কাজ করব।’

স্পোর্টস ডেস্ক