এমএলএসে ইতিহাস গড়ে চলেছেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান
বাংলাদেশি ফুটবল প্রেমীদের কাছে বেশ পরিচিত ‘সুলিভান ব্রাদার্স’। ইতোমধ্যে তাদের দুই ভাই বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে গেছেন। বড় ভাই কাভান সুলিভান খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস)। যেই লিগে খেলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। সেই লিগে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন কাভান সুলিভান।
মেজর লিগ সকারে (এমএলএস) সান ডিয়েগো এফসির বিপক্ষে ফিলাডেলফিয়ার ৫-০ গোলের বড় জয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন সুলিভান। এই ম্যাচে জোড়া গোলের পাশাপাশি সতীর্থের দিয়ে একটি গোলও করিয়েছেন তিনি। অসাধারণ এই পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।
ম্যাচ সেরার পুরস্কার জিতে নতুন এক রেকর্ডও গড়েছেন কাভান সুলিভান। এমএলএস-এর ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ ম্যাচডের সেরা খেলোয়াড় এখন তিনি। মাত্র ১৬ বছর ৩৩১ দিন বয়সে মাঠে নেমে ম্যাচ সেরার পুরস্কার জেতেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার।
এমএলএস ক্যারিয়ারে এই প্রথম কোনো ম্যাচে জোড়া গোলের দেখা পেলেন সুলিভান। শুধু তাই নয়, নিজের খেলা সর্বশেষ সাতটি ম্যাচের প্রতিটিতেই গোল কিংবা অ্যাসিস্ট করে দলের জয়ে সরাসরি অবদান রেখেছেন তিনি। এমএলএস টুর্নামেন্টের ইতিহাসে কোনো কিশোর ফুটবলারের এটিই সবচেয়ে দীর্ঘ সময় ধরে টানা গোল বা অ্যাসিস্টের রেকর্ড।
চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা এই ১৬ বছর বয়সী উঠতি তারকা ফিলাডেলফিয়া দলকে বিশ্বকাপের বিরতির পর থেকে টানা ১০ ম্যাচ অপরাজিত রাখতে রেখেছেন বড় ভূমিকা (যার মধ্যে ৮টি জয় ও ২টি ড্র রয়েছে)। তার জাদুকরি পারফরম্যান্সেই পয়েন্ট তালিকার একদম তলানিতে থাকা ফিলাডেলফিয়া দল এখন উঠে এসেছে সাতে এবং জায়গা করে নিয়েছে অডি এমএলএস কাপ প্লে-অফের লড়াইয়ে।
চলতি মৌসুমে এখন পর্যন্ত সব মিলিয়ে ১৭টি গোলে সরাসরি অবদান রেখেছেন সুলিভান। যার মধ্যে রয়েছে ব্যক্তিগত ৬টি গোল এবং ১১টি অ্যাসিস্ট। এমএলএস ইতিহাসের কোনো কিশোর খেলোয়াড়ের জন্য এটি যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ সাফল্যের রেকর্ড।
সান ডিয়েগো এফসির বিপক্ষে প্রথমার্ধের যোগ করা সময়ে চমৎকার এক ব্যাকহিল ফ্লিকে ম্যাচের প্রথম গোলটি করে গোলের খাতা খোলেন তিনি। এরপর ৬২তম মিনিটে ডি-বক্সের ভেতর বল পেয়ে নিখুঁত শটে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক গলে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি আদায় করে নেন।
এর ঠিক পাঁচ মিনিট পর তার বাড়ানো দুর্দান্ত এক ডিফেন্সচেরা চিপ বল ধরে বুনো দামিয়ানিকে দিয়ে গোল করান সতীর্থ ফ্রাঙ্কি ওয়েস্টফিল্ড। এরপর আনিবাল গোদোয়ের আত্মঘাতী গোল এবং মালিক জাকুপোভিচের লক্ষ্যভেদী শটে বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ফিলাডেলফিয়া।
এমন দারুণ ফর্মের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের কোচ মাউরিসিও পচেত্তিনোর স্কোয়াডে নিজের নাম দেখার অপেক্ষায় দিন গুনছেন সুলিভান। আগামী ২৬ সেপ্টেম্বর বিশ্বকাপের পর পেরুর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। আর সেই ম্যাচকে সামনে রেখে আগামী ১৭ সেপ্টেম্বরই দল ঘোষণা করতে পারেন কোচ পচেত্তিনো।

স্পোর্টস ডেস্ক