ধুঁকতে থাকা ব্রাজিলকে নিয়ে কী করতে চান আনচেলত্তি?
একটা সময় সাম্বা তালে বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের চোখের ক্ষুধা মিটিয়েছে ব্রাজিল। টিকি-টাকা ফুটবলে পার করেছে সোনালী অধ্যায়। একমাত্র দল হিসেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সেলেসাওরা। সেই দলটাই এখন ইতিহাসের অন্যতম দুঃসময় পার করছে। খুঁজে ফিরছে নিজেদের হারানো ছন্দ।
ডুবতে থাকা সেই ব্রাজিলকে টেনে তোলার দায়িত্ব নিয়েছেন কার্লো আনচেলত্তি। পুরোনো সব ব্যর্থতা ভুলে ২০২৮ সালের কোপা আমেরিকা আর ২০৩০ বিশ্বকাপকে সামনে এগুচ্ছেন আনচেলত্তি। সেজন্য তরুণ প্রজন্মকে গুরুত্ব দিয়ে শক্তিশালী একটি দল গঠন করতে চান ইতালিয়ান এই মাস্টারমাইন্ড।
ইতোমধ্যে সেই মিশন শুরু করে দিয়েছেন আনচেলত্তি। ফিফার সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে অস্ট্রেলিয়া সফর করছে ব্রাজিল। অসিদের বিপক্ষে প্রথম ম্যাচে শেষ মুহূর্তের গোলে কোনোমতে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলের নতুন পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন কোচ আনচেলত্তি। তিনি জানিয়েছেন, এখন তাদের মূল লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মের দল তৈরি করা।
আনচেলত্তি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো এমন একদল তরুণ ফুটবলার তৈরি করা, যারা আগামী দিনে কোপা আমেরিকা ও বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করবে। দলে থাকা ২৬ জনের সবাই হয়তো এই মুহূর্তে সেরা নন, কিন্তু আমাদের পরিবর্তনের প্রক্রিয়া শুরু করতে হবে।’
আগামীতে কোন খেলোয়াড়দের জাতীয় দলের জন্য ডাকবেন সেটারও একটি ধারণা দিয়েছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘আগে এমন হতো যে, কোনো খেলোয়াড় নিয়মিত না খেললে তাকে দলে ডাকা হতো না। আর এখন, এমন কোনো খেলোয়াড়-যে হয়তো নিজের ক্লাবে নিয়মিত খেলছে না, কিন্তু জাতীয় দলের ভবিষ্যতের জন্য উপযুক্ত বলে মনে হলে তাকে দলে ডাকব।’
আনচেলত্তির স্পষ্ট বার্তা, যারা গত তিনটি বিশ্বকাপে দলের তারকা হয়ে ছিলেন, তাদের অধ্যায় এখন অতীত হয়ে গিয়েছে। ১৭, ১৮ বছরের তরুণদের ওপর বিনিয়োগ করতে চান তিনি।
আনচেলত্তি বলেন, ‘আমাদের ধাপে ধাপে এগোতে হবে। আমার মনে হয়, ২০১৮, ২০২২ ও ২০২৬ বিশ্বকাপে খেলা প্রজন্মের অধ্যায় শেষ হয়ে গেছে। আগের প্রজন্মের এমন কিছু খেলোয়াড়, যাদের বয়স পরবর্তী বিশ্বকাপের সময় খেলার উপযুক্ত থাকবে, তাদের সঙ্গে নিয়ে আমাদের নতুন প্রজন্ম গড়ে তুলতে হবে। ১৭, ১৮ বা ১৯ বছর বয়সি নতুন ও তরুণ খেলোয়াড়দের জন্য এটা দারুণ সময়।’

স্পোর্টস ডেস্ক